এনসিপি থেকে মনোনয়ন ফরম নিলেন স্যালুট দেওয়া সুজন
শিক্ষার্থীদের উদ্দেশে রিকশাচালক সুজনের স্যালুট দেওয়ার ছবিটি ভাইরাল হয়েছিল গত বছর। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ১৯:৪৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোহাম্মদ সুজন। জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় রিকশায় দাঁড়িয়ে তাঁর স্যালুট দেওয়ার ছবি ভাইরাল হয়েছিল।
সুজন মনোনয়ন ফরম নিয়েছেন ঢাকা-৮ আসনের প্রার্থী হওয়ার জন্য। তিনি পেশায় রিকশাচালক। শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, রমনা ও শাহবাগ থানা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সুজন চূড়ান্ত মনোনয়ন পেলে নির্বাচনে আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
_1763646348.jpg)
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সুজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নির্ধারিত ফি পরিশোধ করেন, দলটির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
মনোনয়ন সংগ্রহ শেষে মোহাম্মদ সুজন বলেন, তাঁকে নিয়ে অনেকে সমালোচনা করছেন। কিন্তু তিনি এসবের পরোয়া করেন না। তাঁর কোনো কর্মী নেই, তবে সাধারণ ছাত্র, শ্রমিক ও প্রবাসীরাই তাঁর শক্তি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ করছে এনসিপি। প্রতিটি ফরমের মূল্য ১০ হাজার টাকা। তবে, জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য এটি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ফরম বিতরণের শেষ দিন। প্রার্থী চূড়ান্তের দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি দলটি।
- বিষয় :
- এনসিপি
- মনোনয়ন ফরম
- নির্বাচন
- ঢাকা-৮
- রিকশাচালক
