ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-৫ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন সালাউদ্দিন জামিল সৌরভ

ঢাকা-৫ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন সালাউদ্দিন জামিল সৌরভ
×

এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ২১:০৯

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ।

গত মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের পর সেদিনই তিনি দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা-৫ আসনটি যাত্রাবাড়ী, দনিয়া, কাজলাসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শেষ প্রান্তজুড়ে বিস্তৃত একটি ঘনবসতিপূর্ণ এলাকা। সালাউদ্দিন জামিল সৌরভের শৈশব, কৈশোর ও তারুণ্যের উল্লেখযোগ্য সময় কেটেছে ঢাকা-৫ আসনের মধ্যেই। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এ এলাকার মানুষের দুঃখ-দুর্দশা, অবহেলা ও নাগরিক ভোগান্তি খুব কাছ থেকে দেখেছেন।

সৌরভ বলেন, দেশের রাজনীতি আজ পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। জনগণ এমন নেতৃত্ব চায়, যারা শুধু ক্ষমতার রাজনীতি করবে না—মানুষের পাশে থাকবে সারাবছর, সুখে-দুঃখে, আশা-নিরাশায়। এনসিপি সেই দায়িত্ব নিয়েছে। রাজনীতি মানে ক্ষমতা নয়, সেবা। দল মানে জনগণের শক্তি। সততা, দক্ষতা ও দূরদর্শিতাই আমাদের মূল অস্ত্র।

ঢাকা-৫ এলাকার মানুষের দুর্বিষহ নাগরিক জীবন নিয়ে বহুদিন ধরেই সোচ্চার সৌরভ। জলাবদ্ধতা, নোংরা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার বেহাল অবস্থা, মশার উপদ্রব, পানি সংকট, আড়তে কৃষকের ন্যায্য মূল্য না পাওয়া—সবই তার চোখে দেখা অভিজ্ঞতা।

মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে দেখেছি, মানুষ এ এলাকার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত। এজন্যই কাজ করার দৃঢ় অঙ্গীকার নিয়েছি। জনপ্রতিনিধি হই বা না হই—মানুষের জন্য আমি সবসময়ই সেবক হয়ে।

তার অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচির মধ্যে রয়েছে— জলাবদ্ধতা নিরসন, ভয়াবহ মশা ও মশাবাহিত রোগ দমন, ভাঙাচোরা রাস্তাঘাট দ্রুত সংস্কার, যাত্রাবাড়ী আড়তে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, এলাকায় চাঁদাবাজি ও টেন্ডারবাজি দমন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন নগর গড়া, বায়ু ও শব্দ দূষণ কমাতে বিশেষ উদ্যোগ, সবুজায়ন ও পরিবেশ রক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য জায়গা তৈরি, খাল ও জলাশয় দখলমুক্ত করা।

এনসিপির আদর্শ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সৌরভ বলেন, ইনশাআল্লাহ খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে। আমরা আসছি নতুন আশার বার্তা নিয়ে—ন্যায়বিচার, সমতা ও উন্নয়নের বাংলাদেশ গড়তে।

আরও পড়ুন

×