ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফ্যাসিবাদ ঠেকানোর অধ্যাদেশ ফেলে দিয়েছে বিএনপি: বিরোধীদলীয় নেতা

ফ্যাসিবাদ ঠেকানোর অধ্যাদেশ ফেলে দিয়েছে বিএনপি: বিরোধীদলীয় নেতা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ২০:৫৫

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, দুদকসহ যেসব অধ্যাদেশ মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজন- সেগুলো বিএনপি সবকিছু গায়ের জোরে ফেলে দিয়েছে। এর মাধ্যমে বিএনপি আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। সেটি হতে দেওয়া হবে না।

বুধবার দুপুরে জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আয়োজিত এ সভায় তিনি বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করে বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, জেলা পরিষদ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় ক্যু শুরু করেছে।

সমঝোতা ভঙ্গের অভিযোগ করে গত শুক্রবার সংসদ থেকে ওয়াক আউট করে জামায়াত-এনসিপি জোট। এ বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেছেন, সংসদের ভেতরে যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারব, ততদিন সংসদে থাকব। আগামীতেও চূড়ান্তভাবে পরাজয় হবে ফ্যাসিবাদের, বিজয় হবে জনগণের।
 
শফিকুর রহমান বলেন, বিএনপি গর্ব করে বলে ১৯৭১, ১৯৯০, ২০২৪- সবকিছু তাদের। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তাদের জন্মই হয়নি। ১৯৭১ সালে জিয়াউর রহমান প্রথমবার নিজের পক্ষ থেকে, পরেরবার আরেকজনের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ফ্যাসিবাদী আমলে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টায় জিয়াউর রহমানকে পাকিস্তানের চর, দালাল বলা হয়েছিল। জামায়াত ওই রাজনীতি আর চায় না।

বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি তাদের ৩১ দফা সংস্কারে বাস্তবায়ন করবে বলেছিল। এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার কমিশন। এখন তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা শুধু জাতির সঙ্গে নয়, দলীয় সংস্কারের ৩১ দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে।

সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়সসীমা নিয়ে সংসদে আলোচনার দিন সেখানে মব সৃষ্টির অভিযোগ করে শফিকুর রহমান বলেন, বিএনপি সরকার কিছু লোককে জুলাই যোদ্ধা পরিচয়ে দর্শক গ্যালারিতে বসিয়েছিল। আলোচনার এজেন্ডা যখন আসল, তখন সরকারি দল থেকে তাদের ইশারা দেওয়া হলো। বোঝা গেল, এটা পাতানো।
 
মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াত ও ১১ দলের নেতরা বক্তৃতা করেন সভায়। জুলাই শহীদদের পরিবার এবং জুলাই যোদ্ধারা সংস্কারের পক্ষে কথা বলেন। 

আরও পড়ুন

×