মেননসহ সব রাজবন্দির মুক্তি দাবি ওয়ার্কার্স পার্টির
সোমবার বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর যৌথ উদ্যোগে রাশেদ খান মেননের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৮:৫৬
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা থেকে মেননসহ সব রাজনৈতিক নেতাকর্মীর মুক্তির দাবি জানানো হয়েছে।
সোমবার বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই রাজনৈতিক প্রতিহিংসাবশত রাশেদ খান মেননকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তিনি মেননসহ সব রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাপস দাস। অনুষ্ঠানে রাশেদ খান মেননের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীন আহমেদ।
নুর আহমদ বকুল বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নানা ধরনের মৌলবাদী অপতৎপরতা বাড়ছে। এ পরিস্থিতিতে প্রগতিশীল রাজনৈতিক শক্তি ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে বিজ্ঞানভিত্তিক, মানবিক ও একমুখী শিক্ষা ব্যবস্থার পক্ষে সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-যুবদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে রাশেদ খান মেননের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মনোজ বাড়ৈ ও সুমাইয়া ঝরা।
- বিষয় :
- রাজনীতি
- রাশেদ খান মেনন
- মুক্তি
- ওয়ার্কার্স পার্টি
