ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২০:২৭
‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী কী বুঝিয়েছেন- এই বিষয়ে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিরোধীদলীয় নেতা লিখেছেন, দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তাঁর একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তাঁর কাছ থেকে তা জেনে নেওয়া।

জামায়াত আমির লিখেছেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে। আমরা আমাদের সরকারের কাছে এ বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।
