ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের

বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ২২:২৪

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে। রাজনৈতিক অসহিষ্ণুতা, দমন-পীড়ন এবং বৈষম্য আরও তীব্র হয়েছে। সরকার যদি দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিতে ব্যর্থ হয়, তবে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে।

শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬’ এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আন্তর্জাতিক থিংক ট্যাংক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জিএম কাদের বলেন, শক্তিশালী জনমতে বর্তমান সরকার গঠিত হলেও তা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার গ্যারান্টি দেয় না। আমরা জুলাইয়ে বৈষম্যবিরোধী যে গণঅভ্যুত্থান দেখেছিলাম, সেই চেতনার প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় দেখছি না। বরং জুলাইয়ের চেতনার নামে নতুন করে বৈষম্য ও দমন-পীড়ন চালানো হচ্ছে। ভিন্নমত পোষণকারীদের রাস্তাঘাটে হেনস্তা করা, আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে জি এম কাদের বলেন, একটি রাজনৈতিক দলকে বাদ দেওয়া বা দমন করলেই দেশে স্থিতিশীলতা আসবে না। বরং রাজনৈতিক অন্তর্ভুক্তি ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এস এম শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে জাপা নেতারা বক্তৃতা করেন। 

আরও পড়ুন

×