ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রশাসনের যোগাসাজসে এনসিপির সমাবেশে হামলা, দাবি জামায়াতের

প্রশাসনের যোগাসাজসে এনসিপির সমাবেশে হামলা, দাবি জামায়াতের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৭:৫০

এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ মঙ্গলবার সকালে বিবৃতিতে হামলকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। 

সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির সমাবেশে ককটেল হামলায় চারজন আহত হন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ। সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং পরবর্তী সময়ে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ কোনো সাধারণ ঘটনা নয়। বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় প্রমাণিত হয় এ সঙ্গে প্রশাসন জড়িত। দেশবাসী মনে করে, প্রশাসনের যোগাসাজসেই সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে দুঃসাহস দেখিয়েছে।

গোলাম পরওয়ার আরও বলেন, সুস্থ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্তই হল, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সকল রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও খুনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে যারা ককটেল ও বোমাবাজির রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে, তাদের পরিণতি শুভ হয়নি।

প্রশাসনের উদ্দেশে জামায়াত সেক্রেটারি জেনারেল  বলেন, কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে এই হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ চলে যাওয়ার রহস্য এবং এই হামলার নেপথ্যের কুশীলবদের অনতিবিলম্বে খুঁজে বের করতে হবে। প্রশাসনের সহায়তায় হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন

×