গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত এক আলোচনায় বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২১:০৪
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল এবং সংবিধান সংস্কারের পরিবর্তে শুধু সংশোধন কমিটি গঠন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১৫ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। জুলাই আন্দোলনে নারী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের অবদান স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কর্মসূচি না থাকা দুঃখজনক। প্রশাসন শুধু ৫ আগস্টকে কেন্দ্র করেই কর্মসূচি নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার পর আপিলের জন্য ৩০ দিনের সুযোগ ছিল। ওই সময়ের মধ্যে কোনো আপিল না হওয়ায় এখন আর আপিলের সুযোগ নেই। সুপ্রিম কোর্ট রায়ের চূড়ান্ত বাস্তবায়ন নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে।
সরকারের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গুম-সংক্রান্ত অধ্যাদেশ, পুলিশ সংস্কার, বিচার বিভাগের পৃথক সচিবালয় এবং মানবাধিকার-সংক্রান্ত মৌলিক দাবিগুলো উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশের রাজনীতি হলো ‘জুলাইয়ের রাজনীতি’। এই রাজনীতির লক্ষ্য স্বৈরতন্ত্রে ফিরে না গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা।
এর আগে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু না হওয়ায় বিদ্যুৎ-বিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তা শুরু হয় বিকেল সাড়ে ৪টার দিকে।
অনুষ্ঠান শুরুর আগে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের উদ্দেশে নাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ছাত্রসংগঠন কর্মসূচি করছে, অথচ দেড় ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। এটি প্রশাসনের দায়িত্বের বিষয়।
জবাবে ডিন বলেন, প্রায় সাড়ে তিন ঘণ্টা জেনারেটর চালানো হয়েছিল। পরে সেটিও বিকল হয়ে যায় এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পরে বক্তব্যে বিদ্যুৎ-বিভ্রাটের বিষয়টি টেনে নাহিদ ইসলাম বলেন, একই সময়ে টিএসসিতে ছাত্রদলের একটি কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকায় সেখানে বিদ্যুৎ ছিল। কিন্তু বিরোধী রাজনৈতিক কর্মসূচি হওয়ায় তাদের অনুষ্ঠানে বিদ্যুৎ ছিল না। এতে বিশ্ববিদ্যালয়ে অগণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।