মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে ‘সিন্ডিকেট’, প্রতিবাদ জামায়াতের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৮:৫৭
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর কাজ ‘সিন্ডিকেট ও ফ্যাসিস্টদের’ হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বিরোধীদলের দাবি, দেশের স্বার্থ ক্ষুণ্ন করে সরকারের একটি মহল এই ষড়যন্ত্রে লিপ্ত।
আজ রোববার বিবৃতিতে এসব কথা বলেছেন জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থ রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, হয়রানি বন্ধ ও আর্থিক নিরাপত্তা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু মালয়েশিয়ায় কয়েকটি রিক্রুটিং এজেন্সিকে সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠাতে সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এতে সাধারণ জনশক্তি, ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও হতাশার সৃষ্টি হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ২৫টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার মাধ্যমে কার্যত সিন্ডিকেটভিত্তিক শ্রমবাজার ব্যবস্থা তৈরি করেছে। অতীতেও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট গঠনের ফলে সাধারণ শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবারও আশঙ্কা করা হচ্ছে, এই ব্যবস্থার কারণে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে দুই হাজারের বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে। সিন্ডিকেট ভাঙতে অভিজ্ঞতাসম্পন্ন রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। যাতে প্রতারণা বন্ধ হয়; সাধারণ শ্রমিককে সম্ভাব্য শোষণ, অতিরিক্ত ব্যয় ও সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে রক্ষা করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।
জামায়াত সেক্রেটারি বলেন, বাংলাদেশি কর্মীদের সহজে ও স্বল্প খরচে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। কিন্তু মন্ত্রণালয়টির কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত হওয়ার অভিযোগ উঠেছে, যা উদ্বেগজনক।
- বিষয় :
- মালয়েশিয়া
- মালয়েশিয়ার শ্রমবাজার