ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা এনসিপি নেতাদের

দোষীদের বিচারের আওতায় আনার দাবি

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা এনসিপি নেতাদের
×

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সারজিস আলম। কোলাজ: সমকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৮ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৫

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। হামলার ঘটনায় তার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, ইতালির ভেনিসের একটি পার্কে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বাঁধনের ওপর হামলা চালিয়েছে এবং তাকে শারীরিকভাবে আঘাত করেছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে ফ্যাসিবাদী ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে, এ হামলা সেই পরাজিত ও নিষিদ্ধ রাজনৈতিক শক্তির পুরোনো সন্ত্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, ‘আজমেরী হক বাঁধন জুলাইয়ের গণ-আন্দোলনে সাহসের সঙ্গে রাজপথে ছিলেন। দেশের মানুষের অধিকার ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের দাবিতে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। সেই মানুষটির ওপর হামলা প্রমাণ করে, পরাজিত সন্ত্রাসী শক্তি এখনো প্রতিশোধ ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি থেকে বের হতে পারেনি। হামলা করে, ভয় দেখিয়ে কিংবা সহিংসতা চালিয়ে অরাজকতা করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না। ইতালির মাটিতে বাংলাদেশের একজন নাগরিকের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশটির প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। আজমেরী হক বাঁধনের প্রতি আমাদের পূর্ণ সংহতি। জুলাইয়ের সহযোদ্ধাদের ওপর যেকোনো হামলার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।’

‘আমরা আপনাকে নিয়ে গর্বিত’
অন্যদিকে, অভিনেত্রী বাঁধনকে নিয়ে গর্ব প্রকাশ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার পোস্টে বলেন, দেশের মানুষকে স্বৈরাচারমুক্ত করার লড়াইয়ে এই অভিনেত্রীর সাহসী ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত।’

তিনি আরও বলেন, ‘‘যারা আপনাকে আক্রমণ করেছে, তাদেরকে আপনি ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই, তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া একেকটা নরপশু। খুনি হাসিনা যদি ওই চৌদ্দ শ’ মানুষের মতো তাদের সন্তানদের, ভাইদের খুন করত, তারপরও তারা খুনি হাসিনার দালালি করত, পা চাটত। এদের শুধু মানুষের মতো একটা দেহ আছে, মনুষ্যত্ব পচে গিয়েছে। এদের থেকে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করবেন না। এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কী প্রত্যাশা করা যায়?’’

আরও পড়ুন

×