ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, সংশোধনের দাবি হেফাজতের

সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, সংশোধনের দাবি হেফাজতের
×

হেফাজতে ইসলামের লোগো

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০২

‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে আইনটি সংশোধনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে আলেম-ওলামা, ইসলামি আইন বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের মতামত নেওয়া প্রয়োজন।

রোববার রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ দাবি জানানো হয়।

সভায় সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের নেতারা। তাঁদের দাবি, ইসলামি শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত না নিয়ে তড়িঘড়ি করে বিলটি পাস করা হয়েছে। এতে মুসলিমদের হেবা বা দানসংক্রান্ত বিষয়ে নতুন আইনি জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে।

সভায় বলা হয়, মুসলিম প্রধান দেশে ইসলামি শরিয়াহবিরোধী কোনো আইন গ্রহণযোগ্য নয়। বিলটি সংসদে উত্থাপনের আগে ইসলামি শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল। কোরআনের নিজস্ব আইনি কাঠামোকে পাশ কাটিয়ে আইন প্রণয়ন করা শরিয়াহকে অবজ্ঞা করার শামিল বলেও মন্তব্য করেন নেতারা।

হেফাজতের নেতারা বলেন, রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতাকে তাঁরা অস্বীকার করেন না। তবে মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আলেম-ওলামা, ইসলামি আইন বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের যথাযথ পরামর্শ নেওয়া অপরিহার্য।

সভায় আইনমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যেরও নিন্দা জানানো হয়। নেতারা বলেন, কোনো বিষয়ে আপত্তি জানানো ব্যক্তিরা আইন পড়েছেন কি না, এ ধরনের প্রশ্ন না তুলে তাঁদের আপত্তির শরিয়াগত ও আইনগত ভিত্তি যাচাই করা উচিত। একই সঙ্গে নীতিনির্ধারকদের আলেম-ওলামাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনার আহ্বান জানান তাঁরা।

নেতারা আরও বলেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন এবং শরিয়তসম্মত সম্পত্তি বণ্টন ব্যবস্থার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা রাষ্ট্রের দায়িত্ব। হেবা প্রথা ও মুসলিম উত্তরাধিকারীদের অধিকার সুরক্ষায় বিতর্কিত বিধান পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

সভায় জানানো হয়, বিলটি সংশোধনের দাবিতে শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে আন্দোলন অব্যাহত রাখবে হেফাজতে ইসলাম। একই সঙ্গে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানানো হয়।

এ ছাড়া আইন সংশোধনের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
 

আরও পড়ুন

×