কলমের খোঁচায়ও যেন রাড্ডা আবারও দখল না হয়: আসিফ মাহমুদ
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৩
লাঠিসোঁটা দিয়ে দখলের পর ‘কলমের খোঁচায়’ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার আবার দখল না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেছেন, সরকার এখানে ১০ তলা ভবন নির্মাণ করলেও পুরো ভবনটি রাড্ডা ক্লিনিকের জন্য বরাদ্দ রাখতে হবে। কোনো ধরনের ভাগ-বাটোয়ারা মেনে নেওয়া হবে না।
সোমবার বিকেলে রাজধানীর মিরপুর-১-এর বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দখলদারদের সাইনবোর্ড উৎখাত করেছি। পরবর্তীতে সরকারের বিভিন্ন অংশের টনক নড়েছে।’ সরকারের পক্ষ থেকে সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে এবং সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্য ও একজন প্রতিমন্ত্রী পরিদর্শন করেছেন তবে এ কারণে তাদেরকে খুব একটা সাধুবাদ জানাতে পারছি না।
তিনি বলেন, শুধু রাড্ডা ক্লিনিক নয়, সারা দেশে এমন কয়েক হাজার জায়গা দখল হয়েছে। যেটা আলোচিত ওইখানে একটা স্ট্যান্ডবাজি নাহয় আমরা দেখলাম কিন্তু যে হাজার হাজার জায়গা আপনারা দখল করেছেন সেগুলো যদি আল্লাহর ওয়াস্তে আপনারা ছেড়ে দেন তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে আপনাদেরকে ধন্যবাদ জানাবো।
রাড্ডা ক্লিনিক দখলের চেষ্টায় বিএনপি নেতাদের ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, ‘প্রথমে সর্প হইয়া দংশন করো, পরে ওঝা হইয়া ঝাড়ো’ এ ধরনের একটি কার্যক্রম এখানে দেখা গেছে। তবে বিষয়টি সর্বমহলে আলোচিত হওয়ার পর নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের শিশুরা আবার এখানে চিকিৎসা নিতে পারবে।
তবে শঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দখলের একটি ধরন হলো লাঠিসোঁটা নিয়ে দখল করা, আরেকটি হলো ‘কলমের খোঁচায়’ দখল করা। কলমের খোঁচায় যেন আবারও দখল না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, সরকার যদি এখানে ১০ তলা ভবনও নির্মাণ করে, পুরো ভবনটি রাড্ডা ক্লিনিককে দিতে হবে। দুই ফ্লোর ক্লিনিকের জন্য রেখে বাকি অংশ আবার ভাগ-বাটোয়ারা করা যাবে না। জনগণ এই জায়গা উদ্ধার করেছে এবং এটি প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে।
দেশের অন্যান্য স্থানে দখলের শিকার ব্যক্তিদেরও প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এনসিপির এই মুখপাত্র বলেন, রাড্ডার ঘটনা ভুক্তভোগীদের কথা বলার সাহস জোগাবে। যেখানে দখলের ঘটনা ঘটবে, সেখানে জাতীয় নাগরিক পার্টি ভুক্তভোগীদের পাশে থাকবে। মানুষ যদি যথাযথভাবে আওয়াজ তুলতে এবং প্রতিবাদ করতে পারে, তাহলে কোনো দখলদারই দখল করার মতো যথেষ্ট শক্তিশালী নয়।
রাড্ডা ক্লিনিকের ক্ষয়ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, যারা দখল করছিল বা দখলের চেষ্টা করেছিল, তারাই এসে জায়গাটি পুনর্বহাল করে দিয়ে গেছে। তবে এটিকে যথেষ্ট মনে করার সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের পাশাপাশি চুরি হওয়া মালামাল ও টিকারও ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের একজনের সঙ্গে একাধিক কর্মসূচিতে একজন সংসদ সদস্যের ছবি রয়েছে দাবি করে আসিফ মাহমুদ বলেন, ওই সংসদ সদস্য আজ সেখানে এসে ‘স্ট্যান্ডবাজি’ করেছেন। গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক কী, সেটিও পরিষ্কার করতে হবে। যদি কোনো সাংগঠনিক, ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক থাকে ওই সংসদ সদস্যও দখলের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করা হবে।
- বিষয় :
- আসিফ মাহমুদ
- মিরপুর
- এনসিপি