ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত, পাটওয়ারীর

চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত, পাটওয়ারীর
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০২:০০

চাঁদাবাজি ঠেকাতে ‘চাঁদাবাজ পুনর্বাসন দানবাক্স’ স্থাপনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তারা বলেছেন, এই বাক্সে যে অর্থ উঠবে, সেখান থেকে চাঁদাবাজদের ‘ভিক্ষা’ দেওয়া হবে। এর মাধ্যমে চাঁদাবাজদের কর্মসংস্থান হবে। তখন চাঁদাবাজরা আর সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–লুটপাট করতে যাবে না।

সোমবার রাজধানীর বাংলামোটর–হাতিরপুল এলাকায় হাসনাতের উদ্যোগে এই প্রতীকী কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে তিনি এবং পাটওয়ারী ‘চাঁদাবাজ পুনর্বাসন দানবাক্স’ প্রদর্শন করেন। বাক্সের গায়ে চাঁদাবাজদের কার্যক্রমের ছবি দিয়ে লেখা ছিল ‘চাঁদাবাজদের মবতন্ত্র!’, ‘চান্দা ভাইকে চাঁদা নয়, ভিক্ষা দিন’।

হাসনাত, পাটওয়ারীর সঙ্গে এনসিপির নেতাকর্মীরা স্লোগান দেন ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, জনগণকে মুক্তি দে’, ‘বিএনপির চাঁদাবাজি, চলবে না চলবে না’, ‘চাঁদাবাজির বাংলাদেশ, ফিরবে না ফিরবে না’, ‘নো টেইক ব্যাক বাংলাদেশ, ফরওয়ার্ড বাংলাদেশ’ প্রভৃতি বলে স্লোগান দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজরা বাজার, হাসপাতাল, যানবাহনসহ পরিবহন খাত এবং সব শ্রেণির ব্যবসায়ীদের অতিষ্ঠ করে ফেলেছে। বিএনপি সরকার এমন পরিস্থিতিতে পৌঁছেছে, চরে গরুকে ঘাস খাওয়াতে হলেও চাঁদা দিতে হয়। বাড়িঘর, মাদ্রাসা দখল হচ্ছে। ঢাকা শহরে দিনদুপুরে চাঁদাবাজরা অস্ত্র নিয়ে দখল ও লুণ্ঠন করছে।

চাঁদাবাজি থেকে মুক্তির জন্য হাসনাত গণভিক্ষার ঘোষণা দেন। তিনি বলেন, প্রতিটি মোড়ে চাঁদাবাজদের দানবাক্স রাখুন। ৫-১০ টাকা করে ভিক্ষা দিন। বিএনপির যেসব চাঁদাবাজ নেতা-কর্মী আছেন, তাদের চাঁদাবাজির দরকার নেই। ভিক্ষার টাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আপনারা অন্তত আমাদের জানটাকে নিরাপত্তা দিন। আপনাদের ভিক্ষা দেব, তবু বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করার দরকার নেই, সালমান মুক্তাদিরদের স্টুডিও ভাঙার দরকার নেই। এগুলো থেকে নিস্তার চাই।

পরে প্রতীকী ভিক্ষার বাক্স নিয়ে মিছিল হয়। বাংলামোটর ও হাতিরপুল এলাকায় ব্যবসায়ীদের অনেকের সঙ্গে কথা বলেন হাসনাত–পাটওয়ারীসহ এনসিপির নেতারা। হাতিরপুলের মোতালিব প্লাজার সামনে গিয়ে মিছিল শেষ হয়।

সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সব ব্যবসায়ী ভাইদের বলব, দোকানে বাক্স রাখুন। মানুষকে বলবেন ভিক্ষা দিতে। যদি কোনো চাঁদাবাজ দোকানে আসে, তাদের ভিক্ষার বাক্স নিয়ে দেবেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। 

আরও পড়ুন

×