ভারতের সঙ্গে পানির হিস্যায় বাংলাদেশ একচুলও ছাড় দেবে না: নাহিদ
পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মো. নাহিদ ইসলাম। ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০০:০৬ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ০০:১৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে আগামী ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব স্পষ্ট করতে হবে। পানির হিস্যায় বাংলাদেশ একচুলও ছাড় দেবে না।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার সপ্তম বার্ষিকীতে তার স্মৃতিকে সামনে রেখে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্মূল্যায়নে সরকারকে আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্যার কথা বলেছিলেন। সেই অবস্থানকে ধারণ করতে হলে ভারত-বাংলাদেশ সম্পর্ককে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব স্পষ্ট করতে হবে। পানির হিস্যায় বাংলাদেশ একচুলও ছাড় দেবে না।
নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ শুধু একজন ব্যক্তি নন; তার হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্যাতন ও গেস্টরুম সংস্কৃতির চিত্রও প্রকাশ পেয়েছিল। সামান্য ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে সারারাত নির্যাতন করে হত্যা করা হয়।
এনসিপি নেতা নাহিদ বলেন, শুধু বোয়িং বিমান কেনা বা আন্তর্জাতিক পর্যায়ে বৈঠক করলেই হবে না; সরকার আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কতটা নিশ্চিত করতে পারছে, সেটিই গুরুত্বপূর্ণ। গঙ্গা পানি বণ্টনসহ সব আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা করে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
- বিষয় :
- এনসিপি
- চিফ হুইপ
- নাহিদ ইসলাম