স্মরণসভায় বিএনপি নেতারা
মওদুদ আহমদ চিরস্মরণীয় হয়ে থাকবেন
মওদুদ আহমদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১ | ১১:৫২
রাজনীতির ইতিহাসে ব্যারিস্টার মওদুদ আহমদ চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ খুব প্রয়োজন ছিল।
রোববার এক ভার্চুয়াল স্মরণসভায় তারা এসব বলেন। বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়াত নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে বক্তব্য দেন। গত ১৬ মার্চ সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান সাবেক উপরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিচালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ বক্তব্য দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মওদুদ আহমদ সেই ছাত্রজীবন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আইনজীবী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, সর্বোপরি একজন লেখক এবং গবেষক হিসেবে তিনি অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন শুরুতেই ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে মওদুদ আহমদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি সত্যিকার অর্থে একজন জ্ঞানী মানুষ ছিলেন। তার সারাজীবন ছিল গণতন্ত্রের পক্ষে।
মির্জা আব্বাস বলেন, জীবনে অনেক আইনজীবী দেখেছি, অনেক ব্যারিস্টারকে দেখেছি; কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমদের মতো একজন বিজ্ঞ আইনজীবীর পাশাপাশি একজন লেখক, একজন গবেষককে দেখিনি। আমরা এখনও তাকে অনুভব করছি। ব্যারিস্টার মওদুদকে পুরো জাতি আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
গয়েশ্বচর চন্দ্র রায় বলেন, একজন ব্যারিস্টার মওদুদ আহমদ জাতির জন্য আশীর্বাদস্বরূপ। মতবিরোধ তৈরি হলেও তিনি তা পুষে রাখতেন না।
- বিষয় :
- রাজনীতি
- বিএনপি
- মওদুদ আহমদ
