ভোলায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ
ভোলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশে বাংলাদেশিরা
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৯:১০
ভোলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী নাগরিক সমাজের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশে বক্তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গডতে ঐক্যবদ্ধ লড়াই শুরু করতে হবে মুক্তিযুদ্ধের চেতনার সব বাংলাদেশিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দুর্নীতি এবং ক্যাসিনোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ঠিক সেই সময় সাম্প্রদায়িক শক্তি আবারো ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
সাংবাদিক মুজাহিদ আনসারির পরিচালায় প্রতিবাদ ও সম্প্রীতির সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্যাহ, মুহম্মদ ফজলুর রহমান ও নিনি ওয়াহেদ। আরও বক্তব্য রাখেন অধ্যাপক হুসনে আরা বেগম, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা জাকির হোসেন বাচ্চু, ঘাতক দালাল নির্মূল কমিটির স্বীকৃতি বড়ুয়া ও ফাহিম রেজা নূর, যুক্তরাষ্ট্র জাসদের নূরে আলম গেদু, মুক্তিযোদ্ধা রেজাউল বারী, গণজাগরণ মঞ্চের সৈয়দ জাকির আহমেদ, যুক্তরাষ্ট্র উদীচীর সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, প্রোগ্রেসিভ ফোরামের খোরশেদুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শাহীন আজমল, ভোলার প্রবীর রায়, মুক্তিযোদ্ধা মেজর এহসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোপাল স্যান্যাল, সাংবাদিক সঞ্জিবন কুমার সরকার ও সংস্কৃতি কর্মী শুভ রায় প্রমুখ।
সৈয়দ মোহাম্মদ উল্যাহ বলেন, বিরোধী শক্তি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র আমাদের রুখে দাঁড়াতে হবে।
মুহম্মদ ফজলুর রহমান বলেন, বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই একটি গোষ্ঠী বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন, তারা মনে করেছিলো সরকার বা দলে সংকট শুরু হয়েছে। সেই সংকটকে কাজে লাগিয়ে দেশবিরোধী শক্তি আবারো ষড়যন্ত্র শুরু করেছে।
সৈয়দ জাকির হোসেন রনি বলেন, এই সংগ্রাম আমাদের দীর্ঘ দিনের। আমরা অনেক আগে থেকেই বলে আসছি ধর্মান্ধ শক্তিকে প্রতিহত করতে হবে।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন-জাকির হোসেন বাবু, সুশীল সাহা, দীনেশ চন্দ্র মজুমদার, শিতাংশু গুহ, শিবলী সাদিক,আব্দুল আলিম, বিশ্বজিৎ সাহা, মাহমুদ আজম, দীলিপ চক্রবর্তী, মাকসুদা আহমেদ, বিদুৎ দাস, শফিউল আজম, সবিতা দাস, প্রতিমা সরকার, পপি ঘোষ, লিয়াকত আলী ও মুক্তি সরকারসহ বিপুল সংখ্যক বাংলাদেশি।