ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশিদের সম্মাননা

যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশিদের সম্মাননা
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ২২:০৮ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ | ২২:০৯

যুক্তরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডস (নেবা) ২০২৬। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গেটসহেডের ডানস্টনে দ্য ফেড মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে ব্যাবসা, সমাজসেবা, জনপ্রশাসন, উদ্যোক্তা ও রেস্তোরাঁশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ৪১টি পুরস্কার ও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

টেলিভিশন উপস্থাপক জেফ ব্রাউন ও হেনা আহমেদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিসহ সাড়ে চার শতাধিক অতিথি অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন, টাইন অ্যান্ড ওয়্যারের ডেপুটি লেফটেন্যান্ট কমান্ডার এডওয়ার্ড ম্যাকনট, পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনার সুসান ডাংওয়ার্থ, ডেপুটি কমিশনার ক্লেয়ার পেনি-ইভান্স, গেটসহেডের মেয়র কাউন্সিলর আন্দ্রেয়া গ্রাহাম, নিউক্যাসলের লর্ড মেয়র কাউন্সিলর হেনরি গ্যালাঘার ও নর্থ টাইনসাইডের চেয়ারম্যান কাউন্সিলর ওয়েন্ডি লট। আরও উপস্থিত ছিলেন স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই, স্কটিশ পার্লামেন্টের সাবেক সদস্য ফয়সল চৌধুরী এমবিই, সান্ডারল্যান্ডের সাবেক মেয়র কাউন্সিলর এহতেশাম হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটির নেতারা।

এবারের আয়োজনে সমাজসেবা, নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আটজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্য ছিলেন নিউক্যাসল আপন টাইনের প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর হালিমা বেগম, স্কানথর্প ইউনাইটেড ফুটবল ক্লাবের সহমালিক ও চেয়ারম্যান মোহাম্মদ রোজিউর রহমান মুর্তজা এবং নবনির্বাচিত পাঁচ কাউন্সিলর রওশন উদ্দিন, মোহাম্মদ জামাল সারওয়ার, জসিম উদ্দিন, হাবিবুর রহমান রানা ও আবদুল মুকিত ।

বাংলাদেশি কমিউনিটির সেবায় অবদানের জন্য প্রয়াত আবদুল মোকলিস মিয়াকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। এবারের আয়োজনে ‘বাংলাদেশি পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রুহি লরেন আখতার।

এবারের অনুষ্ঠানে নারীর সমতা প্রতিষ্ঠায় কাজ করা প্রয়াত শুলে আলমের স্মরণে প্রবর্তিত ‘শুলে আলম অ্যাওয়ার্ড’ পেয়েছেন শারমিন নাহার মোমিন। অনুষ্ঠানে শুলে আলমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একটি বিশেষ ব্লু প্ল্যাকও উন্মোচন করা হয়। ‘বাংলাদেশি উইমেন ইন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন আল ফালাক কাউন্সেলিং সিআইসির প্রতিষ্ঠাতা সৈয়দা চম্পা বেগম।

এ ছাড়া রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন আফসিনা বেগম, মা অ্যাওয়ার্ড পেয়েছেন জহুরা বেগম, পাবলিক সেক্টর রিকগনিশন অ্যাওয়ার্ড পেয়েছেন ইন্সপেক্টর সুলতান মিয়া ও লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কাপ্তান মিয়া।

লোকাল সার্ভিস চ্যাম্পিয়ন হিসেবে জামাল বেগ, ভিশনারি লিডার হিসেবে সৈয়দ খালিদ মিয়া অলিদ, এন্টারপ্রেনার অব দ্য ইয়ার হিসেবে আবদুল আজাদ, ক্যাটালিস্ট অ্যাওয়ার্ডে সান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি সেন্টার এবং কমিউনিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডে নর্থইস্ট ব্রাদার্স গ্রুপ সম্মাননা পেয়েছে।

২০২২ সালের মে মাসে যাত্রা শুরু করা নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডসের মাধ্যমে এ পর্যন্ত দেড় শতাধিক ব্যক্তি, ব্যাবসাপ্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, আগামী বছর নতুন কয়েকটি ক্যাটাগরি যুক্ত করে নেবা ২০২৭-এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×