কুমিল্লায় চুরির অভিযোগে শিশুকে ১৩ ঘণ্টা শিকলে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
শিশুর পায়ে শিকল বেধে নির্যাতন করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ২৩:৩৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ | ২৩:৩৮
কুমিল্লায় বাজার থেকে টাকা চুরির অভিযোগে ১১ বছর বয়সী এক শিশুকে প্রায় ১৩ ঘণ্টা শিকলে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার ছবি ও ভিডিও দুই দিন ধরে ঘুরছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবুল হোসেন নামের এক চা-দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাজগাড্ডা বাজারে গত রোববার দিবাগত রাত থেকে সোমবার বিকেল চারটা পর্যন্ত শিশুটিকে আটকে রাখা হয়। তার ডান পায়ে শিকল পরিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ আরও জানায়, শিশুটির মা মৌসুমি আক্তার বাদী হয়ে দায়ের করা মামলায় চা-দোকানি বাবুল হোসেন (৪৯) ও তার ভাতিজা সায়মন হোসেনকে (২০) নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, বাজার সমিতির জমা রাখা ৪৪ হাজার টাকা বাবুলের দোকান থেকে হারিয়ে যায়। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশু ও তার এক বন্ধুর বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়। শিশুটির বন্ধু টাকা ফেরত না দিয়ে পালিয়ে যায়। এরপর শিশুটিকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তার মা। এ ঘটনায় শিশুটির মাথার চুল এলোমেলোভাবে কেটে দেন বাবুলের ভাতিজা সায়মন। পরে প্রায় ১৩ ঘণ্টা শিকলে আটকে রাখার পর পুলিশ তাকে উদ্ধার করে।
বুধবার রাতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার সমকালকে জানান, চুরির ঘটনাকে কেন্দ্র করে শিশুটির ওপর নির্যাতন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মায়ের মামলায় বাবুল হোসেনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- কুমিল্লা