খুলনায় আবারও গুলি, সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ২৩:০২
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ঘের ব্যবসায়ী আবদুল হালিম হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ঘের দখল-সংক্রান্ত বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এদিকে বুধবারও চাঁদার দাবিতে নগরীর দক্ষিণ টুটপাড়ার এক ব্যক্তির বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
এ ছাড়া চাঁদা না দেওয়ায় খুলনা নগরীর মজিদ সরণির পালংকি রেস্টুরেন্টে গুলির ঘটনায় পৃথক দুটি মামলা করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় সাকিব আল হাসান ও আশিক হাওলাদার নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও গুলির ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার ফরিদ মোল্লার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেজান নগরীর টুটপাড়া এলাকার যুবক তৌহিদুল ইসলাম তুষার হত্যা মামলার অন্যতম আসামি।
গ্রেপ্তার অন্য দুজন হলেন– হাবি ছত্তার ও নাঈমুর রহমান নয়ন। তাদের বাড়িও নগরীর টুটপাড়া ফরিদ মোল্লার মোড়ে।
পরে তাদের দেওয়া তথ্যে সিজানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি দেশে তৈরি শুটারগান, চারটি শটগানের কার্তুজ, ৮০০ গ্রাম গাঁজা, একটি ওয়াকিটকি এবং ওয়াকিটকির চার্জার উদ্ধার করা হয়।
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, গত ২২ অক্টোবর খুলনা নগরীর মিস্ত্রিপাড়া বাজার এলাকায় তৌহিদুল ইসলাম তুষার নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন সিজান। এ ছাড়া তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। হাবি ছত্তার ও নয়নের বিরুদ্ধে একটি করে দুটি মামলা রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অসংখ্য অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালেও পাওয়া যায়নি।
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ুন কবীর বলেন, পালংকি রেস্টুরেন্টে চাঁদা আদায়ের দাবিতে গুলি করে কাচের গ্লাস ভেঙে ক্ষতিসাধন করায় সোনাডাঙ্গা মডেল থানায় দুটি নিয়মিত মামলা হয়েছে। বুধবার দুপুরে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে গ্রেপ্তার সাকিব আল হাসান নগরীর নবপল্লি ঢালাই কারখানা গলির মৃত ইস্রাইল হোসেনের ভাড়াটিয়া। আশিক হাওলাদার নবপল্লি সত্তার বিশ্বাস সড়কের মো. গফফারের ভাড়াটিয়া। তারা সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির সদস্য।
হত্যার ঘটনায় মামলা হয়নি
নগরীর দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম জানান, বুধবার দুপুরে আবদুল হালিমের মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও কাউকে আটক বা মামলা হয়নি।
তিনি জানান, আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি আবদুল হালিম নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা গাজী কামরুল ইসলামের ঘের ও ব্যবসা দেখাশোনা করতেন।
চাঁদার দাবিতে আবারও গুলি
চাঁদার দাবিতে মিলটন হালদার নামে এক ব্যক্তির বাড়ির গেট লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। দুপুরে নগরীর দক্ষিণ টুটপাড়ার খ্রিষ্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান, কিছুদিন আগে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। বুধবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে মুখোশ পরা তিনজন ব্যক্তি তাঁর বাড়ির গেটের ওপর ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান জানান, বুধবারের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
গত মঙ্গলবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর পৃথক সাত এলাকায় গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে একজন নিহত হন।
- বিষয় :
- খুলনা
- আওয়ামী লীগ নেতা