ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ থেকে ২৫ মে, নানা উদ্যোগ

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ থেকে ২৫ মে, নানা উদ্যোগ
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ২০:৪০ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ২০:৫০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাঙালির অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন ‘নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’ ৩৫তম আসরকে সামনে রেখে নতুন লোগো উন্মোচন করেছে। আগামী ২২ থেকে ২৫ মে চারদিনব্যাপী এই বইমেলা আগের আয়োজনের তুলনায় বৃহৎ, বৈচিত্র্যময় এবং আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা জানান, ৩৫তম এই মাইলফলক আসরকে ঘিরে নেওয়া হয়েছে নানা বিশেষ উদ্যোগ। এর মধ্যে রয়েছে নতুন লোগো উন্মোচন এবং একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ প্রকাশ, যা বইমেলার ঐতিহাসিক যাত্রা ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরবে।

১৯৯২ সালে নিউইয়র্কে বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে এই বইমেলা শুরু হয়। সেই থেকে প্রতিবছর এটি ঢাকার বাইরে বাংলা বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশ হিসেবে নিজস্ব অবস্থান গড়ে তুলেছে। তিন দশকেরও বেশি সময় ধরে এই মেলা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিক চর্চা এবং বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিশ্বের অন্যতম বহুজাতিক নগরী নিউ ইয়ার্ক সিটিতে অনুষ্ঠিত এই মেলায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লেখক, গবেষক ও প্রকাশকরা সমবেত হন। চারদিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় সেমিনার, সিম্পোজিয়াম, বই উন্মোচন, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। ফলে বইমেলাটি পরিণত হয় প্রবাসী বাঙালির এক অনন্য মিলনমেলায়—যেখানে ভাষা, স্মৃতি ও পরিচয়ের গভীর সংযোগ তৈরি হয়।

এবারের আয়োজনও অনুষ্ঠিত হবে আগের দুই বছরের মতো জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (১৫৩-১০ জ্যামাইকা এভিনিউ)। আয়োজকদের প্রত্যাশা, ৩৫তম এই আসর প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির এক নতুন উচ্চতায় পৌঁছানোর পথ তৈরি করবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×