কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
নিহত মো. ইস্তিনাব মাহি। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৪:৩৩
কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ১টা ৩২ মিনিটে মেয়র অ্যাভিনিউ ও নিউটাউন রোডের সংযোগস্থলের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সংস্থা রয়্যাল নিউফাউন্ডল্যান্ড কনস্ট্যাবুলারি (আরএনসি) জানায়, চার আরোহী নিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশের কবরস্থানের সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা অন্য তিন আরোহী আহত হলেও তারা বর্তমানে আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মাহির বাড়ি চট্টগ্রামে। তিনি মো. মোহিব উল্লাহ ও পারভিন আক্তারের ছেলে। ২০১৯ সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং ২০২১ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরে তিনি মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়টিতে তিনি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এদিকে আইনি প্রক্রিয়া শেষে মাহির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।
- বিষয় :
- কানাডা
- বাংলাদেশি শিক্ষার্থী
- সড়ক দুর্ঘটনা
