ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

লন্ডনে দুই দিনব্যাপী বাংলা বইমেলা

লন্ডনে দুই দিনব্যাপী বাংলা বইমেলা
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২০:৫০ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ২০:৫৩

প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করতে লন্ডনে অনুষ্ঠিত হলো চতুর্দশ বাংলাদেশ বইমেলা ২০২৬। পূর্ব লন্ডনের ঐতিহাসিক ব্রাডি আর্টস সেন্টারে ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিত এ বইমেলায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে লেখক, কবি, গবেষক, প্রকাশক, সংস্কৃতিকর্মী ও বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও আবৃত্তিশিল্পী অধ্যাপক রূপা চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক-অনুবাদক আনিসুজ্জামান ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়।

উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, বাংলা ভাষা ও সাহিত্য কেবল একটি ভাষিক ঐতিহ্য নয়; এটি প্রবাসী বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি। নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা ও সাহিত্যচর্চার আগ্রহ বাড়াতে বইমেলার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দিতে অনুবাদ, গবেষণা ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

দুই দিনব্যাপী বইমেলায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলে স্থান পায় নতুন ও জনপ্রিয় বই। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণাগ্রন্থ, মুক্তিযুদ্ধভিত্তিক বই এবং শিশু-কিশোর সাহিত্যসহ নানা ধরনের প্রকাশনা ঘিরে দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

বই কেনাবেচার পাশাপাশি লেখক-পাঠক আড্ডা, নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন, স্বাক্ষর পর্ব এবং সাহিত্যবিষয়ক মতবিনিময়ে মুখর ছিল পুরো মেলা।

আরও পড়ুন

×