লন্ডনে গ্লোউইমেন ফেয়ার-সাংস্কৃতিক আয়োজন
ছবি-সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৬:০৪ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১৬:০৫
টাওয়ার হ্যামলেটস সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ উপলক্ষে গত রোববার লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে গ্লোউইমেন ফেয়ার অ্যান্ড কালচারাল ইভেন্ট ২০২৬। গ্লোউইমেন সিআইসির প্রতিষ্ঠাতা ও পরিচালক স্নিগ্ধা মিষ্টির নেতৃত্বে এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘গ্লো উইমেন, গো গ্লোবাল’।
গ্লোউইমেন সিআইসির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান নারী ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা ও বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।
আয়োজকদের মতে, একজন আত্মবিশ্বাসী নারী শুধু নিজের জীবন নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও আলোকিত করতে সক্ষম।
অনুষ্ঠানের শুরুতে নারী নেতৃত্ব, নারী ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে অনুষ্ঠিত আলোচনা পর্বটি সঞ্চালনা করেন মাহিরান জান্নাত। পরে জরায়ুমুখ ক্যানসার (সার্ভিক্যাল ক্যানসার) বিষয়ে একটি সচেতনতামূলক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে মাহিরান নেছা জান্নাতের সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের গান, কবিতা ও দর্শনভিত্তিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন মহামিতা, মোহনা, আজিজা সুমি, জিনাত শফিক, সিনথিয়া দাস, গঙ্গা রায়, সৌম্যেন অধিকারী, সাদমান, নাফিজ জয়, জীবন আহমেদ, জান্নাত এবং বন্যা তালুকদার। অনুষ্ঠানের সমাপনী পর্বে জনপ্রিয় লোকসংগীতশিল্পী নোলক বাবু তাঁর প্রাণবন্ত পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
আয়োজনটি ছিল প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করা, নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত করা, নারী ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দেওয়া এবং বৈচিত্র্যের মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি জোরদারের একটি প্রয়াস।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ইউকে। অনুষ্ঠান শেষে গ্লোউইমেন সিআইসির পক্ষ থেকে নারী ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- লন্ডন