কানাডায় স্নাতকোত্তর কাজের অনুমতি প্রত্যাখ্যানে ভারতীয় শিক্ষার্থীদের অনশন
ছবি: সমকাল
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১১:৩৪
কানাডার ক্যালগারিতে স্নাতকোত্তর কাজের অনুমতি (পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট–পিজিডব্লিউপি) প্রত্যাখ্যানের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করেছেন ভারতীয় শিক্ষার্থীরা। শুক্রবার স্যাডলটাউন এলাকায় প্ল্যাকার্ড ও পোস্টার হাতে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন।
প্রতিবাদকারী শিক্ষার্থীদের দাবি, বৈধভাবে কানাডায় পড়াশোনা শেষ করার পরও তাদের ওয়ার্ক পারমিটের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, যা অন্যায্য। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার করতে হবে।
শিক্ষার্থীরা জানান, দুই বছর আগে ভর্তি হওয়ার সময় জানানো হয়েছিল, যে ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হচ্ছেন, সেটি পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য। তবে পড়াশোনা শেষ হওয়ার পর জানানো হয়, এটি একটি নন-ক্রেডিট প্রোগ্রাম হওয়ায় তারা পিজিডব্লিউপির জন্য যোগ্য নন।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৬ সালের জুনে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য হালনাগাদ করা হলেও আগে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
এ বিষয়ে আইআরসিসি জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা যে কোর্সে অধ্যয়ন করেছেন, সেটি পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য অনুমোদিত নয়।
সংস্থাটির ভাষ্য, পিজিডব্লিউপি পাওয়ার যোগ্যতা নির্ভর করে শিক্ষার্থী কোন ধরনের প্রোগ্রামে এবং কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন তার ওপর।
- বিষয় :
- ওয়ার্ক পারমিট
- অনশন
- ভারতীয় শিক্ষার্থী
- কানাডা