বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক
শাহ সুহেল আহমদ ও আশিক আহমেদ উল্লাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ২২:৪৪
ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির দুই বছর মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রুপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি ও বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সুহেল আহমদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের সময়ের ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাস।
বৃহস্পতিবার দুপুরে প্যারিসের একটি রেস্টুরেন্টে আয়োজিত বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের আত্মপ্রকাশ ও সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সংগঠনের নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সভায় উপস্থিত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।
নতুন কমিটির নাম ঘোষণা করেন ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর। সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহসভাপতি ক্রীড়া সাংবাদিক জান-ই-আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি আবু বাকার আল আমীন, কোষাধ্যক্ষ এশিয়া পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক বাংলা টেলিগ্রামের সিনিয়র রিপোর্টার তানভীর তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ টুডে ও সংবাদ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি নিপু বড়ুয়া এবং দপ্তর সম্পাদক ইউরো বাংলা টোয়েন্টিফোরের সম্পাদক কায়ছার মাহমুদ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর এবং দৈনিক যুগভেরীর ফ্রান্স প্রতিনিধি সাহাদ উদ্দিন।
সভায় বক্তারা বলেন, ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ ও পেশাদার প্ল্যাটফর্মের প্রয়োজন দীর্ঘদিনের। বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স সেই প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনটি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে কাজ করবে।
নবনির্বাচিত সভাপতি শাহ সুহেল আহমদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ উল্লাসসহ কমিটির নেতারা জানান, সাংবাদিকতার মূলনীতি ও পেশাগত দায়িত্বকে সামনে রেখে সংগঠনটি কাজ করবে। বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাকে উৎসাহিত করার পাশাপাশি ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তাঁরা আরও বলেন, ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন, সাফল্য, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা আরও গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রবাসীদের অর্জন এবং ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেও সংগঠনটি ভূমিকা রাখবে।
সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ, মতবিনিময়, কর্মশালা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নতুন প্রজন্মের সাংবাদিকদের উৎসাহিত করা এবং ফ্রান্সে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- প্রেস ক্লাব
- ফ্রান্স