ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইনকর্পোরেটেডের নির্বাচন রোববার

বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইনকর্পোরেটেডের নির্বাচন রোববার
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৯:২৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইনকর্পোরেটেডের (BANZI) দ্বিবার্ষিক নির্বাচন কাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতিসহ সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি চারটি পদের জন্য দুটি প্যানেল থেকে মোট আটজন প্রার্থী এবার ভোটযুদ্ধে লড়ছেন। নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৮ সাল পর্যন্ত সংগঠনের দায়িত্ব পালন করবে।

নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস)—এই চারটি পদে সরাসরি ভোটগ্রহণ হবে। একটি প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো. গিয়াসউদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক পদে রাসেল রানা, কোষাধ্যক্ষ পদে আমিনুল এবং সহকারী সাধারণ সম্পাদক পদে মো. নাজমুল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্যানেল থেকে এই পদগুলোতে যথাক্রমে প্রার্থী হয়েছেন মাহবুবুল আলম, মোহাম্মদ ফাত্তাহ উদ্দিন, সাবাব ই জান্নাত ও আতাউর রহমান ফকির।

‘প্রবাসের মাটিতে আমাদের শিকড় এক, আমাদের পরিচয় এক, আর আমাদের কমিউনিটিও এক’—এই স্লোগানকে সামনে রেখে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা জানিয়েছেন, তাঁরা এমন একটি সংগঠন চান যেখানে মতের পার্থক্য থাকলেও কোনো বিভাজন থাকবে না, সবার মতামতের মূল্যায়ন হবে এবং অভিজ্ঞদের পাশাপাশি নতুনদেরও কাজের সুযোগ থাকবে। নির্বাচনে ভোটার থাকা ওয়াহিদা আফরিন অনন্যা জানান, যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমে প্রবাসীদের পারস্পরিক বন্ধন ও কমিউনিটির প্রতি দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে।

রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অকল্যান্ডের ১৫৮ নিউ উইন্ডসর রোডে অবস্থিত নিউ উইন্ডসর স্কুল অডিটোরিয়ামে এই ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট দেওয়ার সময় ভোটারদের অবশ্যই বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে আনতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×