ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও বাংলাদেশ ট্রেড ফেয়ার

নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও বাংলাদেশ ট্রেড ফেয়ার
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬ এবং ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬।

বৃহস্পতিবার  সকাল ৯টায় নিউইয়র্কের বোরো অব ম্যানহ্যাটন কমিউনিটি কলেজে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়।

বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের যৌথ আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এলএলসি ও ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকস। এবারের প্রতিপাদ্য, ‘কানেক্টিং গ্লোবাল মার্কেটস, ক্রিয়েটিং অপরচুনিটিজ ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’।

মেলায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান ও পেশাজীবীরা অংশ নেবেন। সকাল সাড়ে ৯টায় উদ্বোধনের পর সকাল সাড়ে ১১টায় গ্লোবাল ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড রেমিট্যান্সেস ফোরাম এবং বিকেল ৩টায় ইন্টারন্যাশনাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে।

আয়োজকদের মতে, বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ তৈরি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করাই মেলার মূল লক্ষ্য। এবারের আয়োজনে প্রবাসীদের রেমিট্যান্সকে উৎপাদনশীল বিনিয়োগে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

২০১৬ সালে বাংলাদেশি পণ্যের প্রচারের মাধ্যমে ট্রেড ফেয়ারের যাত্রা শুরু হয়। ২০২২ সালে এটি আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হয়। এরই ধারাবাহিকতায় গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সঙ্গে যৌথভাবে পঞ্চমবারের মতো এ আয়োজন হচ্ছে।

পূর্ববর্তী আয়োজনে ১৫০টির বেশি কোম্পানি, ৫৪ জন বিশিষ্ট বক্তা ও অতিথি এবং প্রায় ১ হাজার ৮০০ দর্শনার্থী অংশ নেন বলে জানিয়েছে আয়োজকরা।

এবারের ইন্টারন্যাশনাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, অর্থনীতি ও কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবীকে সম্মাননা দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×