সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৩:৫৩
সিডনিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসরত ৪০০-এর বেশি প্রাক্তন আইইউটিয়ান ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী। পরিচিত ‘গরু পার্টি’ ঐতিহ্যকে কেন্দ্র করে IUTian Sydneysiders-এর আয়োজনে সিডনির রোজলি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ৩ অক্টোবর শনিবার আয়োজিত ‘বিশাল গরু পার্টি’তে ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে প্রাক্তন আইইউটিয়ানরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠী ও পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, আড্ডা, স্মৃতিচারণ ও প্রাণবন্ত পরিবেশ।
আইইউটির ক্যাম্পাস সংস্কৃতিতে ‘গরু পার্টি’ একটি পরিচিত ঐতিহ্য। সাধারণত স্নাতক হতে যাওয়া ব্যাচের উদ্যোগে শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যদের জন্য ভোজ এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময়ের সঙ্গে এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের কাছেও সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হয়ে উঠেছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ২০১৯ সালে সিডনিতে ‘গরু পার্টি’ থিমে অ্যালামনাই অনুষ্ঠান আয়োজন করা হয়। পরে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নেও একই ধরনের আয়োজন করেন প্রাক্তন আইইউটিয়ানরা। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়াজুড়ে প্রাক্তন শিক্ষার্থীদের আরও বড় পরিসরে একত্র করতে এবার আয়োজন করা হয় ‘বিশাল গরু পার্টি’।

অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ার আদিবাসী সম্প্রদায়ের প্রতি সম্মান জানানো হয়। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল পরিচিতি ও মতবিনিময়, ব্যাচভিত্তিক পুনর্মিলন, স্মৃতিচারণ এবং সামাজিক যোগাযোগের বিভিন্ন পর্ব। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন আইইউটিয়ান ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে নাটক, নাচ ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, এ আয়োজনের উদ্দেশ্য শুধু প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন নয়; বরং তাদের পরিবারগুলোর মধ্যেও যোগাযোগ ও বন্ধন তৈরি করা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা আইইউটিয়ানদের আরও কাছাকাছি নিয়ে আসা।
অনুষ্ঠানের শেষদিকে বিভিন্ন শহর থেকে আসা প্রাক্তন আইইউটিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানান IUTian Sydneysiders-এর প্রতিনিধিরা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সিডনি