বগুড়ায় ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৩৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৪১
বগুড়ায় এক ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের থানাসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হিরো আলম তাঁর গ্রামের বাড়ি বগুড়া সদরের এরুলিয়া এলাকা থেকে ঢাকায় যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, সদর থানার পুলিশ তাঁকে ধরতে গেলে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হিরো আলম। পরে গাড়ি নিয়ে ধাওয়া করে শাজাহানপুর থানাসংলগ্ন এলাকায় গ্রেপ্তার করি আমরা। এরপর তাঁকে আদালতে নেওয়া হয়েছে।
হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে গত বছরের ৬ মে বগুড়ার আদালতে মামলা করেন এক নারী। তদন্ত শেষে পিবিআই গত ১০ ফেব্রুয়ারি হিরো আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগের সত্যতা না পাওয়ায় অপর পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়। ওই দিনই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিবিআইর তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার বাদীকে ধর্ষণ করেন। পরে এক মৌলভী ডেকে কবুল পড়িয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত বছরের ১৮ এপ্রিল তাঁকে বগুড়ায় নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় ২১ এপ্রিল হিরো আলমসহ অন্যরা তাঁকে মারধর করেন। এরপর ওই নারীকে গর্ভপাত করাতে বাধ্য করেন হিরো আলম।
এই ঘটনা অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন বাদী।
