ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টেন্ডার ও চাঁদাবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: এমপি চাঁদ

টেন্ডার ও চাঁদাবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: এমপি চাঁদ
×

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:১১

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। সেটা বললে অনেকেই বিএনপি করতে চাইবে না। সুতরাং অনিয়ম, দূর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, ইমু ও বিকাশ হ্যাকারদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।

বুধবার বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি। চাঁদ বলেন, শিক্ষার পাশাপাশি বাঘা ও চারঘাটে ছোট ছোট কারখানা স্থাপন করা হবে। এতে বেকার সমস্যা দূর হবে। পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে সচল হবে। ভবন নির্মাণে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, শিডিউলে যেভাবে রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী ব্যবহারের নির্দেশ দেওয়া আছে, সেভাবে কাজ করবেন। ফাঁকিবাজি কাজ করলে বিল পাবেন না। মূল ঠিকাদারের কাছ থেকে কমিশনে কাজ কিনলে সেই কাজ ভালো হয় না। এখানে ইঞ্জিনিয়ার আছেন, ম্যানেজিং কমিটির লোক আছেন, প্রধান শিক্ষক আছেন– তারা ভবনের কাজ তদারকি করবেন। প্রয়োজনে ইউএনওকে জানাবেন।

হ্যাকার প্রতারকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে চাঁদ বলেন, বাঘা উপজেলার মধ্যে আড়পাড়া এলাকায় নাকি ঘরে ঘরে হ্যাকার রয়েছে। ইমু ও বিকাশ হ্যাকারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠান। দুই বছর জেল খাটলে এর প্রভাব কমবে। নেতাকর্মীদের বলেন, অনৈতিক কাজের সঙ্গে আপস নেই। অনৈতিক কাজে আমার সন্তান জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাম্মী আক্তারের সভাপতিত্বে বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক আহসান হাবিব, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ও জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য সুরুজ্জামান সুরুজ, মোকলেছুর রহমান মুকুল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আলাউদ্দিন, আড়ানি পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহার আলী, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সভাপতি রহিম উদ্দিন মাস্টার, প্রভাষক আনোয়ার হোসেন পলাশ, রেজাউল করিম বাদশা, প্রভাষক নবাব আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী সুমন রানা, ঠিকাদার জমির উদ্দিন, উপজেলা যুবদলের নেতা শফিকুল ইসলাম শফি, মহিলা নেত্রী শাপলা খাতুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম সরকার প্রমুখ।
 

আরও পড়ুন

×