শেষ হলো ‘দ্রোহের কবি, প্রাণের কবি’
জাতীয় কবির জন্মবার্ষিকীতে নানা আয়োজন
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১২:২৪
বিদ্রোহ, প্রেম, মানবতা আর অসাম্প্রদায়িক চেতনার কবিকে ঘিরে রাজধানীতে তিন দিন ছিল গান, কবিতা ও নৃত্যের বর্ণিল আয়োজন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানমালার শেষ দিন ছিল গতকাল রোববার।
এদিন বিকেলে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের আয়োজন ‘দ্রোহের কবি, প্রাণের কবি’র সমাপনী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতীয় কবিকে।
শুরুতে সরকারি সংগীত কলেজের শিল্পীরা পরিবেশন করেন সমবেত নজরুলসংগীত ‘মধুকর মঞ্জুরী’। এরপর ছন্দা চক্রবর্তী গেয়ে শোনান ‘আমার কোন কূলে আজ ভিড়লো তরী’। আবৃত্তি পরিবেশন করেন ফারজানা এ্যালী। নৃত্যনন্দনের শিল্পীরা পরিবেশন করেন সমবেত নৃত্য ‘পদ্মার ঢেউরে’; পরিচালনায় ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। পরে মোনালীন আজাদ পরিবেশন করেন ‘এ কোন মায়ায় ফেলিলে আমায়’।
সাংস্কৃতিক পরিবেশনার পর আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০২৭ সালে মে মাস পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন। এ উপলক্ষে সারাদেশে বছরব্যাপী নানা কর্মসূচি পালিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেন: আইনমন্ত্রী
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ত্রিশালে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নজরুলকে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন, যা চিরস্মরণীয়। নজরুল লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশনায় ১৯৭৬ সালে মৃত্যুর পর কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাহিত করা হয়।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, ময়মনসিংহ-৭ আসনের এমপি ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী প্রমুখ।
আলোচক ছিলেন নজরুল গবেষক ও বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি মো. খালেকুজ্জামান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. হাবিব-উল মাওলা, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক ও নজরুল গবেষক রাশেদুল আনাম।
ফরিদপুরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ফরিদপুর অফিস জানায়, শহরের ময়েজ মঞ্জিলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, নাট্যকার-শিক্ষক ড. অনুপম হায়াৎ, সাংবাদিক ও ইতিহাসবিদ বদিউজ্জামান চৌধুরী, ফরিদপুর ফাউন্ডেশনের গোলাম মহিউদ্দিন মুন্না ও জেলা জিয়ামঞ্চের আহ্বায়ক আব্দুস সালাম। সভাপতিত্ব করেন অধ্যাপক এম এ সামাদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মো আলাউদ্দীন, বর্ণা ঘোষ, শিপ্রা গোস্বামী ও লায়লা বাউল। কবিতা আবৃত্তি করেন শামীম আরা বেগম, নিলয় বিশ্বাস ও রজ্জাক রেজা।
মুরাদনগরে নানা কর্মসূচি
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি জানান, ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে ও শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলামের গান, কবিতা আমাদের চেতনাকে শানিত করেছে। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়েছে তার লেখা। তার রচনাবলি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বেও ছড়িয়ে পড়েছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনও মো. সারোয়ার রাব্বী। আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, দৌলতপুরের নার্গিসের ভ্রাতুষ্পুত্র বাবলু আলী খান প্রমুখ। এর আগে নজরুল মঞ্চ-সংলগ্ন কবির ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
- বিষয় :
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
