ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ভাষাসংগ্রামী আহমদ রফিকের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান

ভাষাসংগ্রামী আহমদ রফিকের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান
×

আলোচনা সভা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:৫২

ভাষাসংগ্রামী আহমদ রফিকের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তাঁর কর্মময় জীবন, ভাষা আন্দোলনে অবদান, রবীন্দ্রসাহিত্যচর্চা এবং দেশের ওষুধশিল্পের বিকাশে ভূমিকা নিয়ে আলোচনা করেছেন বক্তারা। বাংলা ভাষা ও সাহিত্যে আহমদ রফিকের অবদান নিয়ে উচ্চতর গবেষণার উদ্যোগ নিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান তাঁরা।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের সম্মেলন কক্ষে ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মূইজ। সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সভাপতি, কবি ও চিকিৎসক মুনীর সিরাজ।

আলোচনায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনে আহমদ রফিকের আত্মত্যাগ, ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসচর্চায় তাঁর নিরলস প্রচেষ্টা এবং রবীন্দ্রসাহিত্য গবেষণা ও চর্চায় তাঁর অবদান তাঁকে স্মরণীয় করে রাখবে। পাশাপাশি বাংলাদেশে ওষুধশিল্পের বিকাশেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর দীর্ঘ কর্মজীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলো আহমদ রফিকের কর্মজীবন ও রচিত গ্রন্থ নিয়ে চর্চা এবং গবেষণার উদ্যোগ নিলে তাঁর চিন্তা, সাহিত্যকর্ম ও বহুমাত্রিক অবদানের বিভিন্ন দিক নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। এ জন্য বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় আহমদ রফিকের অবদান নিয়ে উচ্চতর গবেষণার উদ্যোগ গ্রহণে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে আহমদ রফিকের দীর্ঘ কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণা করেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম, মাহমুদ হাশিম, ইশরাত রহমান নাদিয়া ও রাসেল সরদারসহ অন্যরা।

সাংস্কৃতিক পর্বে আহমদ রফিকের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী হাসান সালেহ জয়। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নটরডেম কলেজের শিক্ষক ও ছায়ানটের শিল্পী মঞ্জুয়ারা রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী।

আরও পড়ুন

×