ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেঘনা নদী থেকে বিদেশি ঘড়ি পরা ব্যক্তির মরদেহ উদ্ধার

মেঘনা নদী থেকে বিদেশি ঘড়ি পরা ব্যক্তির মরদেহ উদ্ধার
×
×

ভৈরব (কিশোরগঞ্জ) সংবদদাতা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২২:০০

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। তার বাম হাতে ফ্রান্সের প্যারিসের ছবি সংবলিত একটি ঘড়ি রয়েছে। এ ছাড়া শরীরে অন্য কোনো পোশাক না থাকলেও পরিধানে একটি চেক কালারের ট্রাউজার ছিল।

আজ শনিবার বিকেল ৪টার দিকে মেঘনা নদীর ভৈরব ফেরিঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব ফেরিঘাট এলাকায় কয়লাবোঝাই দুটি জাহাজের মাঝখানে পানিতে আটকে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পার্শ্ববর্তী নৌপুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মেঘনা নদীতে ভাসমান ওই ব্যক্তির পরনে শুধু একটি ট্রাউজার এবং বাম হাতে ঘড়ি পরিহিত ছিল। তার বয়স আনুমানিক ৪০-৫০ বছর। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

ভৈরব নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান জানান, বিকেলের দিকে ভৈরব ফেরিঘাট এলাকা থেকে আবির নামের এক ব্যক্তি ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করি। পরবর্তীতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে পরিচয় শনাক্তের জন্য পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তির হাতে একটি বিদেশি ঘড়ি ছিল। এ ছাড়া তার শরীরে অন্য কোনো পোশাক না থাকলেও একটি ট্রাউজার রয়েছে। ঘড়িটিতে ফ্রান্সের প্যারিসের ছবি সংবলিত লোগো বা ডিজাইন ছিল।

আরও পড়ুন

×