আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঢাকা সাউথ জোনের ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত
ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২২:৪৮
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঢাকা সাউথ জোনের দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর আইডিইবি সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ এবং খাজা শাহরিয়ার।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান বলেন, আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা সবাই মিলে একটি পরিবার। এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি শাখা ব্যবস্থাপকদের ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। বিশেষ করে খেলাপি বিনিয়োগ আদায় এবং ব্যয় সংকোচনের ওপর তিনি জোর দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে এসেছে। মানসম্মত ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। সর্বোপরি শরিয়াহর নীতি ও মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের প্রতিটি কার্যক্রম পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, এস এম আবু জাফর এবং সৈয়দ আবুল হাশেমসহ প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। ঢাকা সাউথ জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফেরদৌস হাসানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মিটিংয়ে ঢাকা (দক্ষিণ) অঞ্চলের ৩৭টি শাখা এবং ১১টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- প্রেস রিলিজ