ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

প্রিসাইজ পেটল্যাবের বর্ষপূর্তি, মোবাইল অ্যাপ চালু

প্রিসাইজ পেটল্যাবের বর্ষপূর্তি, মোবাইল অ্যাপ চালু
×
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৯:০৩

রাজধানীর গুলশানের প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেডের এক বছর পূর্ণ হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে শনিবার হাসপাতালটিতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। এসময় পোষা প্রাণীর চিকিৎসাসেবা আরও সহজ করতে চালু করা হয় মোবাইল অ্যাপ।

গুলশান-২-এর ২৪ নম্বর সড়কের রুবাইয়াত হাউসে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। আয়োজনে অতিথিদের ফুল দিয়ে বরণ, পরিচিতি পর্ব, হাসপাতালের সুযোগ-সুবিধা ও নতুন উদ্যোগ নিয়ে উপস্থাপনা এবং হাসপাতাল পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি অতিথিদের মতামত ও পরামর্শ নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই পোষা প্রাণীর চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালের সঙ্গে যোগাযোগের পাশাপাশি অ্যাপ থেকেই প্রাণীর চিকিৎসার নথি ও আগের চিকিৎসার তথ্য দেখা যাবে। এতে চিকিৎসাসেবার ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।

২০২৫ সালের ২৫ আগস্ট সাধারণ মানুষের জন্য সেবা কার্যক্রম শুরু করে প্রিসাইজ পেটল্যাব। পোষা প্রাণীর দ্রুত রোগ নির্ণয়, জরুরি চিকিৎসা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। দেশে পোষা প্রাণীর চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতা বিবেচনায় জরুরি সেবার নির্দিষ্ট নিয়ম, উন্নত রোগ নির্ণয় এবং আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে চিকিৎসা দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে হাসপাতালটি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জারিন শম্পা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরের প্রাণী, সেটা পথের প্রাণী হোক, ঘরের পোষ্য হোক কিংবা বন্য, তাদের কল্যাণ, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আলাদা জরুরি বিভাগ নিয়ে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা দেওয়া দেশের প্রথম পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব। গত ৩০ অক্টোবর পর্যন্ত টানা ৫০৪ দিন প্রতিষ্ঠানটির জরুরি সেবা কার্যক্রম চালু ছিল। হাসপাতালটিতে রয়েছে আলাদা জরুরি বিভাগ, উন্নত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), স্বয়ংক্রিয় ভেন্টিলেশন ও ক্রিটিক্যাল কেয়ার সুবিধা। ১৫ হাজার বর্গফুটের এ হাসপাতালে কাজ করছেন ৩০ জন চিকিৎসক।

প্রতিষ্ঠানটির তথ্য বলছে, এক বছরে চার হাজারের বেশি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে প্রাণীদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। জরুরি সেবা নিয়েছে ১ হাজার ৩৬৪টি প্রাণী। এ সময়ে ৮০০টির বেশি অস্ত্রোপচার করা হয়েছে।

দ্বিতীয় বছরে পদার্পণ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানো, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং দেশে পোষা প্রাণীর চিকিৎসার মানোন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×