ইনডিটেকস সফটওয়্যারের সঙ্গে প্রাইম ব্যাংকের পে-রোল ব্যাংকিং চুক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২২:৫৭
ইনডিটেকস সফটওয়্যার লিমিটেডের কর্মীদের সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে ‘প্রাইম ভিউ’তে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় ইনডিটেকস সফটওয়্যারের কর্মীরা মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, বিশেষ শর্তে ঋণ ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাবেন। পাশাপাশি তারা প্রাইম ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন পরিশোধের পাশাপাশি করপোরেট লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন হবে বলে জানানো হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং ইনডিটেকস সফটওয়্যারের ভাইস চেয়ারম্যান নাঈম চৌধুরী ও চিফ অপারেটিং অফিসার মো. রোমেনিও নিমেরিন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, এভিপি ও পে-রোল ব্যাংকিং বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার গোলাম ইফতেখার হোসেন এবং এভিপি ও হেড অব পে-রোল সার্ভিস তাসনিম রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইনডিটেকস সফটওয়্যারের হেড অব এইচআর মোহাম্মদ নুরুল ইসলাম খান আহসান, এইচআর ও অফিস অ্যাসোসিয়েট মারওয়া নূর সানিসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- প্রাইম ব্যাংক
- চুক্তি সই