যুক্তি, চিন্তা ও বন্ধুত্বের প্রত্যয়ে পর্দা নামল এফডিএফের জাতীয় বিতর্ক উৎসবের
হাসানউজ্জামান, ফরিদপুর
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২২:৩১
যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয় নিয়ে ফরিদপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’। শনিবার সন্ধ্যায় স্থানীয় কবি জসীম উদ্দীন হলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ফরিদপুর ডিবেট ফোরামের (এফডিএফ) এই আয়োজন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানের শুরুতে এফডিএফের দুই দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘মহা কোলাহলে আরম্ভ হলো দিনের মহোৎসব’-এর মোড়ক উন্মোচন করেন তিনি।
উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত হয় চূড়ান্ত বিতর্ক পর্ব। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আলোচনা ও পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আব্দুল হালিম, জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি তৌহিদুল ইসলাম স্ট্যালিন এবং ফরিদপুর জজ কোর্টের পিপি গোলাম রাব্বানী ভূইয়া রতন।
ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি ফাহমিদা মফিজ সৃষ্টির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম হিমালয়।
ফরিদপুর ডিবেট ফোরামের আয়োজনে তিন দিনব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিতার্কিক, শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা অংশ নেন। উৎসবের টুর্নামেন্ট পর্ব অনুষ্ঠিত হয় সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখায়। এতে ফরিদপুরের ২৬টি স্কুল দল, ১২টি কলেজ দল এবং ওপেন সেগমেন্টে ১৬টি দল অংশ নেয়।
উৎসবের দ্বিতীয় দিনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩২টি স্কুল ও কলেজের পাশাপাশি ৩২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ১৬টি ওপেন এপি বিতর্ক দল অংশ নেয়। বিভিন্ন পর্যায়ের বিতার্কিকদের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় যুক্তি, জ্ঞান ও মননশীলতার মিলনমেলায়।
আয়োজকেরা জানান, এই উৎসব কেবল প্রতিযোগিতার আয়োজন নয়; দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের মধ্যে যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের বিনিময়ের একটি ক্ষেত্র। দুই দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ বিতর্কচর্চার পরিবেশ তৈরির প্রত্যয় নিয়ে এবারের উৎসব আয়োজন করা হয়েছে।
এবারের উৎসব পল্লিকবি জসীমউদ্দীনের প্রতি উৎসর্গ করা হয়। এর মধ্য দিয়ে ফরিদপুরের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও দৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকেরা।
- বিষয় :
- ফরিদপুর
- বিতর্ক
- এফডিএফ
- বিতর্ক উৎসব