বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির প্রথম জাতীয় সম্মেলন
ছবি: দ্রোহী তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ২২:৪৯
দেশের বেসরকারি গণগ্রন্থাগারগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির বার্তাবাহক শ্বেত পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে শতবর্ষী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শেখ জুলফিকার আলী, গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, পুরান ঢাকার গ্রন্থবিতানের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন, লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের সাধারণ সম্পাদক অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, সীমান্ত গ্রন্থাগারের সদস্যসচিব মানজার চৌধুরী সুইট এবং রাণীহাট সাধারণ পাঠাগারের সভাপতি মুজিবুর রহমানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. জহির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। বক্তারা দেশের পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং বেসরকারি গ্রন্থাগারগুলোর কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সারা দেশ থেকে আগত বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ওই কমিটি মোহাম্মদ শাহনেওয়াজকে সভাপতি এবং মো. জহির উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে। একই সঙ্গে তিন বছর মেয়াদি ৩৩ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠন করা হয়।
দ্বিতীয় অধিবেশনেই নবগঠিত জাতীয় কমিটি ও সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এর মধ্য দিয়ে দেশের বেসরকারি গ্রন্থাগারগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির সাংগঠনিক কাঠামো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
- বিষয় :
- লাইব্রেরি