সাহিত্য ‘নবীগঞ্জের ইতিকথা’ ভবিষ্যৎ গবেষকদের জন্য সহায়ক ঐতিহাসিক দলিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ২২:৫১
তৃতীয় বাংলার স্বনামখ্যাত লেখক ও গবেষক সাংবাদিক মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ একটি গুরুত্বপূর্ণ ও তথ্যনির্ভর ঐতিহাসিক গ্রন্থ। নবীগঞ্জসহ সমগ্র সিলেট অঞ্চলের প্রায় সহস্র বছরের ইতিহাস গ্রন্থটিতে সুচারুভাবে উপস্থাপিত হয়েছে, যা ভবিষ্যৎ গবেষকদের জন্য সহায়ক ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে, এমন অভিমত জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, লেখক অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রাচীনকাল, মধ্যযুগ, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নবীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক বিবর্তনের একটি সংক্ষিপ্ত অথচ গভীর তথ্যচিত্র তুলে ধরেছেন। গ্রন্থটিতে এমন বহু তথ্য স্থান পেয়েছে, যা এত দিন সাধারণ মানুষের অজানা ছিল। গবেষকদের পাশাপাশি রাজনীতি, সাহিত্য ও লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও বইটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।
বিজনা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক ও গীতিকার এম. মুজিবুর রহমানের সঞ্চালনায় বিভিন্ন গুণীজন বক্তব্য দেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস. আর. চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তনুজ রায়, কবি ও সাহিত্যিক এম. ও. বাছিত, করি কয়েস আহমদ মাহদী, ছড়াকার জিয়া জালালী ও সাংবাদিক হাসান আহমদ।
এ ছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন গ্রন্থের লেখক সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক সহকারী রেজিস্ট্রার, কলামিস্ট ও গবেষক শাহ মনসুর আলী নোমান।
গ্রন্থের লেখক মতিয়ার চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার অনুপস্থিতিতেও যেভাবে আপনারা মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাতে আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে রইলাম। এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না।”
তিনি আরও বলেন, “দীর্ঘ চল্লিশ বছর পর নতুন সংযোজনসহ গ্রন্থটির প্রথম সংস্করণ প্রকাশ করতে পেরে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। আপনাদের সবার সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। সাধ্যানুসারে ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য সংযোজনের চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত কোনো ত্রুটি থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।”
- বিষয় :
- মোড়ক উন্মোচন
