প্রকাশ হলো স্মৃতিগ্রন্থ ‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’
‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’ বইয়ের প্রচ্ছদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৪৮
প্রকাশিত হয়েছে জোবায়ের মিলন সম্পাদিত মানবহিতৈষী ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনস্মৃতিগ্রন্থ ‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’। অমর একুশে বইমেলা উপলক্ষে গ্রন্থটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঐতিহ্য’।
স্বাধীনতার পর কিছু মানুষের নিঃস্বার্থ শ্রম আর মেধায় রচিত হয়েছে এ দেশের সমাজ ও সংস্কৃতির অবয়ব। তাদের কর্ম, চিন্তা, সৃজন ও শ্রমে সহজ হয়েছে আমাদের জীবন। রূপ পেয়েছে স্বপ্ন, সুগঠিত হয়েছে বাংলাদেশ। ডা. জাফরুল্লাহ চৌধুরী সেই দ্যুতিময় মানুষদের অন্যতম। মূলত পেশাগত, রাজনৈতিক, সাংগঠনিক সর্বোপরি মুক্তিযুদ্ধের অনন্য আদর্শ ও দর্শন ধারণ করে মানবতায় উজ্জীবিত এক মহীরূহ তিনি।
মুক্তিযুদ্ধে ডা. জাফরুল্লাহ চৌধুরী বিদেশি পাসপোর্ট ছিঁড়ে ফেলে ‘ফিল্ড হাসপাতাল’ এর মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করেছিলেন দেশের একনিষ্ঠ সেবক হিসেবে। সেই তিনিই আবার স্বাধীন দেশে হয়ে উঠলেন নিয়ম ভাঙার এবং নতুন নিয়ম গড়ার ও অজানা নিয়ম চালু করার পরার্থপর অপূর্ব যোদ্ধা। তবে স্রোতের বিপরীতে কাজ করা যে কত কঠিন, তা জীবনের একেবারে শেষদিন পর্যন্ত অনুভব করেছেন তিনি। তবু লক্ষ্য থেকে কিছুই তাঁকে বিচ্যুত করতে পারেনি। তাঁর বিপ্লবী চেতনা এমন কিছু করে দেখিয়েছে, যা আগে কেউ কখনও ভাবেনি। তাঁর রাজনৈতিক পথ ও মত নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু মানবিক গুণ, দেশপ্রেম ও পরোপকারিতায় তিনি প্রশ্নাতীত।
ডা. জাফরুল্লাহ চৌধুরী জীবদ্দশায় ও মৃত্যুর পরে অনেকে লিখেছেন তাঁকে নিয়ে। এসব লেখায় তাঁর জীবন, কর্ম, সাধনা ও সংগ্রামের অভূতপূর্ব খণ্ড চিত্র উঠে এসেছে উজ্জ্বল রূপে। এই খণ্ডচিত্রকে একত্র করার দায়িত্ব নিয়েছেন তরুণ সংবাদকর্মী জোবায়ের মিলন। গ্রন্থটির লেখক তালিকায় আছেন জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক, ছেলে বারীশ হাসান চৌধুরী, বোন সেলিনা চৌধুরী মিলি, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. সায়েদুর রহমান, ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, ড. বিজন কুমার শীল, গরহার নাঈম ওয়ারা, জুলিয়ান ফ্রান্সিস, কবি ফরহাদ মযহার, ড. শাহদীন মালিক, এম সাখাওয়াত হোসেন, কাজী জাওয়াদ, মহিউদ্দিন আহমদসহ আরও অনেকে।
গ্রন্থটির প্রচ্ছদ করেছেন আর. করিম এর স্কেচ অবলম্বনে রাইসুল ইসলাম আসাদ। বইটির মুদ্রিত মূল্য ৫৮০ টাকা।
