ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘একাত্তরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ দলিল হিসেবে অভিহিত বক্তাদের

‘একাত্তরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
×

এসএমসির প্রধান কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ২২:৩৪

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত ‘একাত্তরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বিকেলে সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের লেখা এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধ কেবল রাজনৈতিক সংগ্রাম নয়, বরং মানুষের চেতনা ও জীবনবোধের একটি বড় পরিবর্তনের সময়। তাঁর মতে, বইটি স্বাধীনতা সংগ্রামের বাস্তব অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দলিল।

বিশেষ অতিথি অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী বলেন, আত্মকথনধর্মী এ ধরনের গ্রন্থ ইতিহাসচর্চায় নতুন মাত্রা যোগ করে। তিনি লেখকের প্রশাসনিক অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধকালীন সম্পৃক্ততার কথা উল্লেখ করেন।

মুক্তিযুদ্ধ জাদুঘর-এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক বলেন, মুক্তিযুদ্ধের দলিলভিত্তিক ইতিহাস সংরক্ষণে এ ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে গবেষণার ক্ষেত্রেও এটি সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে এ ধরনের গ্রন্থ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এটি শুধু স্মৃতিচারণ নয়, বরং স্বাধীনতা সংগ্রামের বাস্তব চিত্রের প্রতিফলন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারী অধিকারকর্মী শিরিন পারভীন হক, সাবেক সচিব মোহাম্মদ আলী ও সিদ্দিকুর রহমান চৌধুরীসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রশাসনিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপটের সমন্বয়ে বইটি মুক্তিযুদ্ধকে নতুনভাবে উপলব্ধিতে সহায়তা করবে।

লেখক ওয়ালিউল ইসলাম তাঁর বক্তব্যে জানান, বইটিতে তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রশাসনিক বাস্তবতা, রাজনৈতিক টানাপোড়েন এবং সাধারণ মানুষের সংগ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে এসএমসি ও এসএমসি ইএল-এর চেয়ারম্যান ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক তছলিম উদ্দিন খান ও সায়েফ নাসিরসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে গ্রন্থ পরিচিতি, আলোচনা, পাঠ এবং ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আরও পড়ুন

×