ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সকালের নাশতায় ঝটপট রেসিপি

সকালের নাশতায় ঝটপট রেসিপি
×

.

সানজিদা আক্তার মৌসুমী

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ | ২৩:১৭

সকালে সবারই কাজে বের হওয়ার তাড়া থাকে। এ কারণে কেউ কেউ নাশতা এড়িয়ে যান; যা মোটেও ঠিক নয়। সকালে দ্রুত তৈরি করতে পারেন এমন কয়েক পদের রেসিপি দিয়েছেন সানজিদা আক্তার মৌসুমী

আলু চিজ পরোটা 
উপকরণ: আলু বড় সাইজের চারটি, আদা-রসুন বাটা এক চামচ করে, কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ, ধনিয়া পাতা, চিজ ১০০ গ্রাম, লবণ স্বাদমতো, ময়দা তিন কাপ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, আস্ত পাঁচফোড়ন হাফ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া, তেল পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া পরিমাণমতো, গ্রেট করা চিজ, পেঁয়াজ কুচি চার টেবিল চামচ, স্বাদ বাড়ানোর জন্য ম্যাজিক মসলা দিতে পারেন সামান্য।
প্রস্তুত প্রণালি: আলুর পুর তৈরি করতে প্রথমে আলুগুলো সেদ্ধ করে হালকা চটকে রাখতে হবে। তারপর একটি ফ্রাইপ্যানে পরিমাণমতো তেল দিতে হবে। পেঁয়াজ কুচি দিন। হালকা বাদামি রং হলে চটকে রাখা আলুর মধ্যে সব উপকরণ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। পরোটার খামির তৈরি করতে তিন কাপ ময়দার সঙ্গে চার টেবিল চামচ তেল, পরিমাণমতো পানি ও লবণ দিয়ে মাখিয়ে ডো তৈরি করে কিছুক্ষণ রেখে দিন। এরপর রুটির মতো বেলে ফ্রাইপ্যানে তেল দিয়ে রুটি ভেজে নিন। এবার রুটির ওপর আলুর পুর ও চিজ গ্রেট পরিমাণমতো দিয়ে দুই পাশে চাপ দিয়ে ভেজে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল মজার আলু চিজ পরোটা।

এগ অমলেট  স্যান্ডউইচ
উপকরণ: ডিম দুটি, ক্যাপসিকাম কুচি চার টেবিল চামচ, ধনেপাতা কুচি তিন টেবিল চামচ, পেঁয়াজ কুচি চার টেবিল চামচ, টমেটো কুচি চার টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ কুচি, ম্যাজিক মসলা স্বাদমতো, তেল পরিমাণমতো ও স্লাইস করা পাউরুটি চার পিস।
প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে দুটি ডিম ভেঙে তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি স্বাদমতো, ম্যাজিক মসলা, লবণ দিয়ে মিক্সড করতে হবে। চুলায় একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। গরম হলে মিক্সড করা ডিমের মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে তার ওপর পাউরুটি স্লাইস করে এপিঠ-ওপিঠ হালকা বাদামি রং করে ভাজুন। তৈরি হয়ে গেল এগ অমলেট স্যান্ডউইচ।

মিক্সড ফ্রুট সালাদ
উপকরণ: আম এক কাপ, আঙুর হাফ কাপ, পেঁপে এক কাপ, বেদানা এক কাপ, কলা ছোট করে কাটা দুটি, পুদিনা পাতা দুই টেবিল চামচ, মধু দুই টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ, দুই টেবিল চামচ বাদাম, লবণ স্বাদমতো, খেজুর ৬-৭ পিস, ড্রাগন ফল এক কাপ, আপেল এক কাপ, তরমুজ এক কাপ।
প্রস্তুত প্রণালি: মধু দ্রবীভূত না হওয়া পর্যন্ত একটি আলাদা পাত্রে লেবুর রস, মধু ও লবণ একসঙ্গে হুইস্ক করে নিন। ফ্রুট সালাদের ওপর ড্রেসিং ঢেলে দিন এবং একত্র করতে আলতো করে টস করুন। পরিবেশন করার আগে কমপক্ষে ৩০ মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা করুন। 

চিকেন স্যান্ডউইচ 
উপকরণ: বোনলেস চিকেন ২০০ গ্রাম, তেজপাতা দু’তিনটি, গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, মেয়োনিজ স্বাদমতো, পেঁয়াজ এক টেবিল চামচ, কাঁচামরিচ-আদা-রসুন বাটা এক টেবিল চামচ করে, পাতিলেবুর রস, গরম মসলার গুঁড়া, ধনিয়া পাতা কুচি, লবণ স্বাদমতো, টমেটো সস চার টেবিল চামচ, মাখন পরিমাণ মতো ও চার পিস পাউরুটি।
প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে তিন কাপ পানি দিয়ে ফুটাতে হবে। পানি গরম হলে চিকেনের টুকরা দিয়ে তাতে এক চা চামচ আদা বাটা, লবণ, সামান্য রান্নার তেল, গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হলে একটা পাত্রে চিকেনটা তুলে একটি চামচের সাহায্যে চিকেন ভালো করে ছড়িয়ে নিতে হবে। এরপর চিকেনের মধ্যে দুই চা চামচ মেয়োনিজ, ছোট করে কাটা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, স্বাদমতো গোলমরিচের গুঁড়া আর লবণ মিশিয়ে পুর তৈরি করতে হবে। পাউরুটির ওপরে এক চামচ মেয়োনিজ, দুই চামচ টমেটো সস ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার চিকেনের মিশ্রণটা একটি পাউরুটির ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এবার আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিতে হবে। এবার পাউরুটির ওপর একটু মাখন লাগিয়ে নিতে হবে। টোস্টারে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ব্রেক করে নিলে হয়ে যাবে চিকেন স্যান্ডউইচ।

আরও পড়ুন

×