রোদে পোড়া দাগ দূর করতে
ঘরোয়া উপাদান ব্যবহারে রোদে পোড়া দাগ সহজেই দূর করা যায় মডেল: ছোঁয়া; ছবি: মঞ্জু আলম
মেহনাজ আক্তার
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৭:০০
| প্রিন্ট সংস্করণ
বর্ষার ভারী বর্ষণের পর রোদ যেন কড়া হয়ে ওঠে। তীব্র রোদ, দীর্ঘ সময় বাইরে থাকা কিংবা ত্বক বুঝে সঠিক সানস্ক্রিন ব্যবহার না করার কারণে অনেকের ত্বকে দেখা দেয় সানট্যান বা রোদে পোড়া দাগ। মুখ, হাত, গলা, পা-শরীরের যেসব অংশ সরাসরি সূর্যের সংস্পর্শে আসে, সেসব স্থানে ত্বক কালচে হয়ে যায়। ত্বক স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। অনেকেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পার্লারে যান, কেউ বা ব্যয়বহুল চিকিৎসার আশ্রয় নেন। কিছু সহজ ঘরোয়া উপায় নিয়মিত অনুসরণ করেও রোদে পোড়া ভাব অনেকটা কমিয়ে আনা সম্ভব।
সানট্যান কেন হয়?
রূপবিশেষজ্ঞদের মতে, সানট্যান হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। যেমন দীর্ঘ সময় সরাসরি রোদে থাকলে, সানস্ক্রিন ব্যবহার না করলে বা পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন ক্রিম না লাগালে ত্বকে কালচে দাগ পড়ে। এ ছাড়া সংবেদনশীল ত্বক, অতিরিক্ত গরম ও আর্দ্র আবহাওয়া, বারবার সূর্যের সংস্পর্শে এলে সানট্যান হয়। বিশেষজ্ঞদের ভাষায়, ট্যান শুধু বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে না, বরং দীর্ঘমেয়াদে ত্বকের অকাল বার্ধক্য, বলিরেখা এবং ত্বকের ক্ষতির ঝুঁকিও বাড়াতে পারে।
দাগ দূর করার ঘরোয়া উপায়
অ্যালোভেরা জেল: অ্যালোভেরায় রয়েছে রোদে পোড়া দাগ প্রশমিত করার উপাদান। এটি রোদে পোড়া ত্বকের জ্বালা কমায় এবং ত্বক পুনর্গঠনে সাহায্য করে। তাজা অ্যালোভেরা জেল রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। সকালে ধুয়ে ফেলুন।
টকদই ও মধুর প্যাক: দইয়ের ল্যাকটিক এসিড মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং মধু ত্বক আর্দ্র রাখে। দুই টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
শসার রস: শসা ত্বক ঠান্ডা রাখে এবং রোদে পোড়া ত্বকের অস্বস্তি কমায়। শসা ব্লেন্ড করে রস বের করে তুলার সাহায্যে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
কাঁচা দুধ
দুধে থাকা ল্যাকটিক এসিড ত্বক কোমল করে এবং ট্যান কমাতে সহায়তা করে। তুলার সাহায্যে কাঁচা দুধ ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
আলুর রস
আলুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে, যা ত্বকের দাগ হালকা করতে সাহায্য করতে পারে। আলুর রস বের করে ট্যানযুক্ত স্থানে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।
টমেটোর প্যাক
টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতি কমাতে সাহায্য করে। টমেটোর পাল্প সরাসরি ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
দারচিনি
দারচিনি ব্রণের দাগ, মেছতা, কালো দাগ দূর করে। দারচিনির মাস্ক বানাতে এক চা চামচ দারচিনির গুঁড়ার সঙ্গে তিন টেবিল-চামচ মধু যোগ করুন। প্রয়োজনে অল্প পরিমাণ পানি মেশান। এটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এ প্যাক মুখের কালচে ভাব কমাবে। শুষ্ক ত্বকের অধিকারীরা দারচিনির সঙ্গে লবণ, বাদাম তেল, জলপাই তেল ও মধু মিশিয়ে স্ক্রাব বানাতে পারেন।
বেসন ও গোলাপজল
বেসন ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করে। দুই টেবিল চামচ বেসনের সঙ্গে প্রয়োজনমতো গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
হলুদ
হলুদে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের বিভিন্ন প্রদাহ দূর করে। শুষ্ক ত্বকে এক চামচ কাঁচা হলুদের পেস্টের সঙ্গে এক চামচ দুধের সর এবং এক চামচ পানি মিশিয়ে ব্যবহার করলে সানট্যান দূর হবে। তৈলাক্ত ত্বকের জন্য ঘৃতকুমারীর জেলের সঙ্গে কাঁচা হলুদ বাটা এবং মুলতানি মাটি মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। সাধারণ ত্বকে ব্যবহারের জন্য এক চামচ হলুদ বাটা, এক চামচ মুলতানি মাটি, এক চামচ গোলাপের পাপড়ি পেস্ট ও দুধের সর মিশিয়ে প্যাক তৈরি করুন।
সানট্যান প্রতিরোধে করণীয়
বাইরে যাওয়ার ২০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন।
প্রতি ২-৩ ঘণ্টা পর পুনরায় সানস্ক্রিন লাগান।
ছাতা, টুপি ও সানগ্লাস ব্যবহার করুন।
পর্যাপ্ত পানি পান করুন।
দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলুন।
অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ ফল ও সবজি খান।
যা করবেন না
সানট্যান দূর করতে অনেকেই লেবুর রস সরাসরি ত্বকে ব্যবহার করেন। কিন্তু সংবেদনশীল ত্বকে এটি জ্বালা, লালচে ভাব বা অ্যালার্জির কারণ হতে পারে। একইভাবে অতিরিক্ত স্ক্রাবিংও ত্বকের ক্ষতি করতে পারে। ত্বকের কালো দাগ, কালচে ভাব যদি দীর্ঘদিনেও না কমে, ত্বকে জ্বালা, ফুসকুড়ি দেখা দেয়, তাহলে ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
সূত্র: স্টাইলক্রেজ
- বিষয় :
- রোদ
