ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

চাদর ও পর্দার রং নকশা

চাদর ও পর্দার রং নকশা
×

বিছানার চাদরের রং ও নকশার সঙ্গে মিলিয়ে অনেকে পর্দা বেছে নেন

রিক্তা রিচি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৭:২৩

| প্রিন্ট সংস্করণ

ফুলেল কিংবা জ্যামিতিক নকশার বিছানার চাদর ও পর্দা ঘরের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলে। এখন বিছানার চাদরের রং ও নকশার  সঙ্গে মিলিয়ে পর্দা নির্বাচনের ধারা চলছে। ডিজিটাল প্রিন্ট, ব্লক প্রিন্টের পাশাপাশি হ্যান্ডপেইন্টের কারুকাজও চোখে পড়ার মতো। ছোট ঘরকে আকর্ষণীয় করে তুলতে হালকা রঙের পর্দা, উল্লম্ব ডোরাকাটা নকশা এবং সাদামাটা চাদর বেছে নিতে পারেন। অন্যদিকে বড় ঘরের জন্য গাঢ় রং এবং বড় মোটিফের চাদর ও পর্দা বেছে নিন। লিখেছেন রিক্তা রিচি

ঘরের সাজে নতুনত্ব আনার বিষয়টি একসময় উৎসবকেন্দ্রিক ছিল। এখন যে কোনো আটপৌরে দিনেও অনেকে খুব যত্ন করে ঘরে নতুন বিছানার চাদর বিছান এবং পর্দা টানান। রঙিন বিছানার চাদরের সঙ্গে মিলিয়ে একই রং ও নকশার পর্দা বেছে নেন। কাঠগোলাপ, শিউলি, মধুমঞ্জুরি, টিউলিপ, নয়নতারা, লতা ও পাতা নকশার পাশাপাশি জ্যামিতিক নকশার চাদর ও পর্দার ট্রেন্ড চলছে। মূলত সামাজিক মাধ্যমে হোম ডেকর কনটেন্টের জনপ্রিয়তা এবং নান্দনিকতার প্রতি মানুষের আগ্রহ–সব মিলিয়ে চাদর ও পর্দা হয়ে উঠেছে ঘরের সৌন্দর্যের অন্যতম প্রধান অনুষঙ্গ। 
হোম ডেকোর প্রতিষ্ঠান ‘কারুকার্য’-এর স্বত্বাধিকারী মাহমুদুল হাসান জানান, বাড়ি এখন শুধু থাকার জায়গা নয়; এটি মানুষের ব্যক্তিত্ব, রুচি ও স্বাচ্ছন্দ্যের প্রতিচ্ছবি। তাই ঘরের প্রতিটি উপকরণ বেছে নেওয়ার ক্ষেত্রে নকশা, রং, কাপড়ের মান এবং আরাম সবকিছুকেই সমান গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। গরম ও বর্ষা আবহাওয়ায় বেড়েছে শতভাগ সুতি, হালকা রং ও মিনিমাল ডিজাইনের বেডশিট ও পর্দার চাহিদা।  
তিনি জানান, একসময় বিছানার চাদর বা পর্দা কেনার ক্ষেত্রে প্রধান বিবেচনা ছিল দাম ও রং। সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। গরম ও বর্ষাকালের আর্দ্র আবহাওয়াকে মাথায় রেখে অধিকাংশ ক্রেতা চাদর কেনার আগে কাপড়ের মান সম্পর্কে জানতে চান। কারণ এ সময় এমন কাপড় প্রয়োজন, যা বাতাস চলাচলে সহায়তা করে, আরামদায়ক ও দীর্ঘদিন ব্যবহারের উপযোগী। তাই কটনের পাশাপাশি এক্সপোর্ট-কোয়ালিটির ফেব্রিকের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে কাপড়ের ঘনত্ব, সেলাইয়ের মান এবং ফিনিশিংও বিবেচ্য বিষয়। 
প্রকৃতির রঙে
এ সময়ের চাদর ও পর্দায় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে প্রকৃতি থেকে অনুপ্রাণিত রং। অফ-হোয়াইট, বেইজ, সেজ গ্রিন, অলিভ, টেরাকোটা, স্কাই ব্লু ও মিউটেড ইয়েলোর মতো শান্ত রং ঘরে এনে দিচ্ছে প্রশান্তির আবহ। এসব রং সহজেই কাঠের আসবাব, ইনডোর প্লান্ট কিংবা মিনিমাল সাজের সঙ্গে মানিয়ে যায়। ফলে ঘরকে বড়, উজ্জ্বল ও পরিচ্ছন্ন দেখায়। এ ছাড়া লাল, হলুদ, গোলাপি, মেরুন ইত্যাদি রঙের চাদর ও পর্দা পছন্দ করছেন ক্রেতারা। আড়ং, লা রিভসহ অনলাইনের বিভিন্ন ব্র্যান্ডে উজ্জ্বল রঙের পাশাপাশি কোমল ও স্নিগ্ধ রঙের বিছানার চাদর পাওয়া যায়। 
ফুল, পাতা ও জ্যামিতিক নকশা
চাদর ও পর্দার নকশায়ও এসেছে বৈচিত্র্য। বড় বড় ফুলের পাশাপাশি এখন জনপ্রিয় ছোট ফুল, লতা-পাতা, ট্রপিক্যাল মোটিফ, অ্যাবস্ট্রাক্ট আর্ট, জ্যামিতিক রেখা এবং হাতে আঁকা জলরঙের নকশা। হোমটেক্স, পাঁচমিশালীসহ বিভিন্ন ব্র্যান্ডের ডিজিটাল প্রিন্ট এবং ব্লক প্রিন্ট চাদর ও পর্দার সংগ্রহ রয়েছে। বাংলাদেশি বিভিন্ন মোটিফও যেমন নকশিকাঁথা, জামদানি মোটিফ, আলপনা কিংবা লোকজ নকশা ফিরে আসছে। এগুলো আধুনিক রঙের সঙ্গে মিশে তৈরি করছে অভিনব ডিজাইন।
সুতি কাপড়েই স্বস্তি
দেশের আবহাওয়ার কথা বিবেচনা করে সুতি কাপড়ের চাহিদাই সবচেয়ে বেশি। পাশাপাশি কটন ব্লেন্ড, লিনেন, মসলিনসহ হালকা কাপড়ও জনপ্রিয় হচ্ছে। পর্দার ক্ষেত্রে ডাবল লেয়ার ট্রেন্ড বেশ নজর কাড়ছে। দিনের জন্য পাতলা শিয়ার পর্দা আর রাতে আলো নিয়ন্ত্রণে ভারী পর্দার সমন্বয় এখন অনেকের পছন্দ। 
একই থিমে পুরো ঘর
বর্তমানে শুধু চাদর বা পর্দা আলাদাভাবে নয়, পুরো বেডরুমকে একই থিমে সাজানোর প্রবণতা বাড়ছে। বিছানার চাদর, বালিশের কভার, কুশন, পর্দা, কার্পেট–এমনকি টেবিল রানারেও রাখা হচ্ছে একই রং বা নকশার মিল। এতে ঘর পরিপাটি দেখায়।
ছোট ঘরেও বড় পরিবর্তন
ইন্টেরিয়র ডিজাইনারদের মতে, ছোট জায়গাকে আকর্ষণীয় করে তুলতে হালকা রঙের পর্দা, উল্লম্ব ডোরাকাটা নকশা এবং সাদামাটা চাদর বেছে নিতে পারেন। অন্যদিকে বড় ঘরে গাঢ় রং কিংবা বড় মোটিফ ব্যবহার করলে ঘরে রাজকীয় আবহ তৈরি হয়। চাদর ও পর্দা কেনার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। যেমন–
ঘরের দেয়ালের রঙের সঙ্গে মিল রেখে চাদর ও পর্দার রং নির্বাচন করুন।
বিছানার চাদরের কাপড় যেন আরামদায়ক হয় এবং সহজে ধোয়া যায় সেদিকে খেয়াল রাখুন। 
প্রাকৃতিক আলো বেশি এলে হালকা পর্দার সঙ্গে ব্ল্যাকআউট লেয়ার ব্যবহার করতে পারেন।
মৌসুম অনুযায়ী কাপড় ও রং পরিবর্তন করলে ঘর থাকবে সতেজ।
খুব বেশি নকশা থাকলে পর্দা বা চাদরের একটি অংশ সাদামাটা রাখুন, যাতে ভারসাম্য বজায় থাকে। 

আরও পড়ুন

×