ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

বর্ষায় পায়ের যত্ন

বর্ষায় পায়ের যত্ন
×

শিরিন আক্তার

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ০৭:৩৫

| প্রিন্ট সংস্করণ

বর্ষাকাল মানে একটানা, কখনও আবার থেমে থেমে বৃষ্টি। এতে জলমগ্ন হয়ে পড়ে শহরের অলিগলি। ভেজা রাস্তা, কাদা, জমে থাকা পানি আর স্যাঁতসেঁতে পরিবেশের মধ্য দিয়েই প্রতিদিন বের হতে হয় কাজে। এ মৌসুমে শরীরের অন্য অংশের তুলনায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে পা। দীর্ঘ সময় ভেজা জুতা পরে থাকা, কাদাপানি মাড়িয়ে চলাফেরা কিংবা পা ঠিকভাবে পরিষ্কার না করলে ছত্রাকজনিত সংক্রমণ দেখা দিতে পারে। কারও কারও আবার চুলকানি, পায়ে দুর্গন্ধ, র‍্যাশ এমনকি নখের সমস্যাও দেখা দেয়। তাই বর্ষাকালে পায়ের যত্ন নেওয়া খুবই জরুরি। কিন্তু প্রতিবার পার্লারে গিয়ে পেডিকিউর করা সম্ভব নয়। তাই বর্ষায় পা সুস্থ রাখতে বাড়িতেই একটু বাড়তি যত্ন নিতে পারেন।

পা শুকনো রাখুন 
কার্নিভাল মেকওভারের স্বত্বাধিকারী তাসলিমা পলাশী জানান, বৃষ্টির দিনে অনেকেই বাইরে থেকে ফিরে শুধু হাত-মুখ ধুয়ে নেন, কিন্তু পায়ের দিকে আলাদা নজর দেন না। অথচ পা ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া জরুরি। কারণ এটিই সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তাঁর মতে, পা ভালো রাখতে বাইরে থেকে ফিরে সাবান ও পরিষ্কার পানি দিয়ে পা ধুয়ে নরম তোয়ালে দিয়ে আঙুলের ফাঁকসহ ভালোভাবে মুছে নেওয়া দরকার। কারণ আঙুলের ফাঁকে জমে থাকা আর্দ্রতা থেকেই ছত্রাক দ্রুত ছড়ায়।

সঠিক জুতা নির্বাচন
বর্ষাকালে রাবার বা জলরোধী স্যান্ডেল, দ্রুত শুকিয়ে যায়–এমন ফুটওয়্যার কিংবা ভালো গ্রিপযুক্ত জুতা বেছে নিতে হবে। এ সময় যতটা সম্ভব কাপড়, চামড়ার জুতা এড়িয়ে চলুন। একই জুতা প্রতিদিন না পরে পালা করে ব্যবহার করুন। তাহলে জুতা শুকানোর সময় পাওয়া যায়।

মোজার ব্যাপারে থাকুন সতর্ক
কোনোভাবেই ভেজা মোজা ব্যবহার করবেন না। দীর্ঘ সময় ভেজা মোজা পরে থাকলে ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্রুত জন্মায়। তাই মোজা ভিজে গেলে দ্রুত বদলে ফেলুন। প্রয়োজনে বৃষ্টির দিনে ব্যাগে আলাদা এক জোড়া মোজা রাখুন। এ সময় সুতি বা আর্দ্রতা শোষণ করতে পারে–এমন মোজা ব্যবহার করুন। তাহলে পা তুলনামূলকভাবে শুকনো থাকে।
পায়ের নখ পরিচ্ছন্ন রাখুন
নখ লম্বা হলে সহজেই ময়লা ও জীবাণু জমে। বর্ষাকালে নিয়মিত নখ কেটে পরিষ্কার রাখুন। নখের কোণায় কালচে দাগ, ব্যথা বা রঙের পরিবর্তন দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

দুর্গন্ধ এড়াতে
পা ঘামলে বা দীর্ঘ সময় ভেজা জুতা পরে থাকলে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক। প্রতিদিন বাইরে থেকে ফিরে জুতা বাতাসে শুকাতে দিন। প্রয়োজনে ফুট পাউডার ব্যবহার করতে পারেন। তবে দুর্গন্ধের সঙ্গে যদি চুলকানি বা র‍্যাশ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। 

ঘরেও পায়ের যত্ন
শুধু বাইরে নয়, ঘরেও পায়ের যত্ন প্রয়োজন। তাসলিমা পলাশীর মতে, বর্ষায় নিয়মিত পরিচর্যার পাশাপাশি ঘরেই থাকা কিছু সহজ উপাদান ব্যবহার করে পায়ের ত্বককে রাখা যায় পরিষ্কার, নরম ও সতেজ। যেমন–

লবণ ও কুসুম গরম পানি
বাইরে থেকে ফিরে একটি পাত্রে কুসুম গরম পানিতে এক থেকে দুই টেবিল চামচ লবণ মিশিয়ে ১০-১৫ মিনিট পা ভিজিয়ে রাখতে পারেন। এতে পায়ের ক্লান্তি কমে, ময়লা নরম হয়ে যায়। ত্বক পরিষ্কার করতেও সুবিধা হয়। এরপর পা দুটি ভালোভাবে মুছে শুকিয়ে নিন।

বেসন ও দই
এক টেবিল চামচ বেসনের সঙ্গে পরিমাণমতো টক দই মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন। এই পেস্ট পায়ে লাগিয়ে ১০ মিনিট রেখে হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন। এটি পায়ের মৃত কোষ দূর করতে এবং ত্বককে কোমল রাখতে সাহায্য করে।

চালের গুঁড়া ও মধু
চালের গুঁড়ার সঙ্গে সামান্য মধু মিশিয়ে প্রাকৃতিক স্ক্রাব তৈরি করতে পারেন। সপ্তাহে একবার এই স্ক্রাব ব্যবহার করলে গোড়ালির রুক্ষভাব কমে। সেই সঙ্গে ত্বক মসৃণ দেখায়।

অ্যালোভেরা জেল
পা পরিষ্কার করে শুকনা কাপড় দিয়ে মুছে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এটি ত্বককে শীতল অনুভূতি দেয়। সেই সঙ্গে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।

নারকেল তেল
রাতে ঘুমানোর আগে পা পরিষ্কার করে মুছে নিন। এরপর পায়ে অল্প পরিমাণ নারকেল তেল মালিশ করুন। এতে গোড়ালি নরম থাকবে। এসব উপাদান মূলত পায়ের ত্বক পরিষ্কার ও কোমল রাখতে সহায়তা করে। কিন্তু পায়ে যদি ছত্রাক বা অন্য কোনো সংক্রমণ দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

আরও পড়ুন

×