ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

চোখের সাজে কাজল

চোখের সাজে কাজল
×

শিরিন আক্তার

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৭:৩৭

| প্রিন্ট সংস্করণ

মুখের মেকআপ যতই আকর্ষণীয় হোক না কেন, চোখের মেকআপ ভালো না হলে চেহারাটাই ম্লান মনে হয়। অনেক সময় মেকআপ না থাকলেও চোখের কাজলেই মুখ হয়ে ওঠে উজ্জ্বল ও সুন্দর। তবে বর্ষার দিনগুলোয় অতিরিক্ত আর্দ্রতা, ঘাম আর হঠাৎ বৃষ্টিতে মেকআপ বিশেষ করে চোখের সাজ নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। যত্ন করে সাজলেও সবচেয়ে বেশি বিপাকে ফেলে চোখের কাজল। তৈরি হয়ে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা গলে চোখের নিচে ছড়িয়ে পড়ে। ফলে সুন্দর সাজ মুহূর্তেই হয় এলোমেলো। রূপ বিশেষজ্ঞদের মতে, এ সমস্যার জন্য ঘাম বা বৃষ্টি নয়। বরং মেকআপের ভুল দায়ী। কাজল পরার সময় কিছু সহজ নিয়ম মেনে চললে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজল থাকবে সুন্দর, চোখের সাজও থাকবে নিখুঁত। 

পরিষ্কার ত্বক: ‘কার্নিভাল মেকওভার’-এর স্বত্বাধিকারী তাসলিমা পলাশী জানান, চোখের চারপাশে তেল বা ঘাম জমে থাকলে কাজল বেশিক্ষণ টেকে না। এ কারণে মেকআপের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। চোখের চারপাশে বরফ ঘষে নিন। এরপর চোখের পাতায় হালকা প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার না থাকলে সামান্য ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিতে পারেন। এতে অতিরিক্ত তেল শোষিত হয় এবং কাজল দীর্ঘ সময় স্থায়ী থাকে।

ওয়াটারপ্রুফ কাজল: এই সময়ে সাধারণ কাজল ব্যবহারের পরিবর্তে ওয়াটারপ্রুফ ও স্মাজপ্রুফ কাজল ব্যবহার করুন। এগুলো ঘাম, বৃষ্টির পানি কিংবা আর্দ্রতার মধ্যেও সহজে ছড়িয়ে পড়ে না। চোখের ভেতরে কোণে কাজল লাগাবেন না। শুধু বাইরের দিকে কাজল টানুন। 
ধাপে ধাপে লাগান: একবারে মোটা করে কাজল না এঁকে প্রথমে পাতলা একটি রেখা টানুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করে দ্বিতীয় স্তর দিন। এতে কাজল ভালোভাবে সেট হবে।
কাজল দীর্ঘস্থায়ী করার কৌশল: কাজল শুকিয়ে গেলে ওপর দিয়ে আইশ্যাডো দিয়ে সেট করে দিন। তাহলে কাজল সহজে ঘাঁটবে না। মেকআপ শেষ হয়ে গেলে সেটিং স্প্রে লাগিয়ে নিন। তাহলে মেকআপ

দীর্ঘস্থায়ী হয়। 
চোখে হাত নয়: বৃষ্টিতে ভিজে গেলে বা ঘাম হলে অনেকেই চোখ ঘষাঘষি শুরু করেন। এতে কাজল ছড়িয়ে পড়ে। চোখে অস্বস্তি হলে টিস্যু দিয়ে আলতো করে চোখের ওপর চেপে ধরুন। ধীরে ধীরে অতিরিক্ত পানি বা ঘাম মুছে ফেলুন।
ব্যাগে রাখুন ছোট্ট টাচ-আপ কিট: ব্যাগে একটি ছোট আয়না, কটন বাড, টিস্যু এবং কাজল সঙ্গে রাখতে পারেন। কাজল খুব বেশি ছড়িয়ে পড়লে কয়েক মিনিটের মধ্যে চোখের সাজ ঠিক করে নিতে পারেন। 
ঘরোয়া যত্ন: চোখের চারপাশ অতিরিক্ত তৈলাক্ত হলে বা কালো হলে শসার রস লাগান বা ঠান্ডা গ্রিন টি ব্যাগ চোখের ওপর রাখতে পারেন। এতে চোখের ফোলাভাব কমবে। চোখের চারপাশের ত্বকও দেখাবে সতেজ। 

আরও পড়ুন

×