ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুহৃদ বৈঠক

বৈশাখী উৎসব: বাঙালিয়ানা ও সাংস্কৃতিক মেলবন্ধন 

বৈশাখী উৎসব: বাঙালিয়ানা ও সাংস্কৃতিক মেলবন্ধন 
×

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের একাংশ

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৪:০৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১৪:১৯

বাংলা সংস্কৃতির সবচেয়ে প্রাণবন্ত, হৃদয়ছোঁয়া ও সর্বজনীন উৎসব– পহেলা বৈশাখ। । বছরের প্রথম সূর্যের আলোয় এই দিনে বাঙালির হৃদয়ে জেগে ওঠে আশার গান। পুরোনো গ্লানি ঝেড়ে শুরু হয় নতুন পথচলা। বাংলা নববর্ষ শুধু একটি দিন নয়; এটি বাঙালির জীবনে ঐতিহ্য, সংস্কৃতি, ঐক্য ও প্রাণের মিলনমেলা। কালের গর্ভে হারিয়ে পুরোনো বছরের সব পঙ্কিলতা, সব পাপ-তাপ ধুয়ে-মুছে নতুন দিনের উজ্জ্বল আভায় হাসবে স্বদেশভূমি, বর্ণিল সুখচ্ছটায় ভাসবে মানবজীবন– এই প্রত্যাশা নিয়েই শুরু হলো বঙ্গাব্দ ১৪৩৩। স্বাগত বাংলা নববর্ষ।

এবারের পহেলা বৈশাখের আবহ অন্যবারের চেয়ে একটু আলাদা। নতুন চেতনায় বর্ষবরণ আয়োজনের প্রচেষ্টা চলছে দেশজুড়ে। বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’ থেকে গত বছরের ‘আনন্দ শোভাযাত্রা’ বদলে এবার করা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে। যদিও ইউনেস্কোর অপরিমেয় বিশ্ব সংস্কৃতি হিসেবে স্বীকৃতির সনদে ‘মঙ্গল শোভাযাত্রা অন পহেলা বৈশাখ’ নামেই বাংলা বর্ষবরণের আয়োজনটিকে উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালে বাংলা বছরকে বরণ করে নেওয়ার এই উৎসবটি ইউনেস্কোর স্বীকৃতি পায়। বর্ষবরণের শোভাযাত্রার নাম যা-ই হোক তাতে বাঙালির কিছু আসে যায় না। বৈশাখ বরণের শোভাযাত্রার নাম বদলের ফলে জাতিসংঘের সংস্থার স্বীকৃতিতে প্রভাব পড়ুক বা না পড়ুক বাঙালি আজ বাংলা নববর্ষ উদ্‌যাপন করবে আনন্দচিত্তেই। 

গোটা জাতি আজ প্রাণের উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদ্‌যাপনে মাতবে। যদিও এর আগেই পাহাড়ে শুরু হওয়া উৎসবসহ বর্ণিল আয়োজনে নতুন বছর উদ্‌যাপনের অনুষ্ঠানমালা থাকবে দেশজুড়ে। উৎসব উদ্‌যাপন করতে সমকাল সুহৃদ সমাবেশের ঈশ্বরদীর সুহৃদরাও পিছিয়ে নেই। ঈশ্বরদীর গ্রাম-শহরে বৈশাখী মেলা, যাত্রাপালা, পুতুলনাচ, নাগরদোলা, লাঠিখেলা ছাড়াও ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশের নানা আয়োজনে সুহৃদরা অংশগ্রহণ করবেন। ১১ এপ্রিল ঈশ্বরদী সুহৃদ সমাবেশ আয়োজন করে ‘পহেলা বৈশাখ: বৈশাখী উৎসব: আমাদের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসবের। একই দিন বৈশাখ বরণের আনুষ্ঠানিক প্রস্তুতিও সারেন সুহৃদরা। বিকেলে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে সুহৃদদের অংশগ্রহণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর.কে. বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের পরিচালনায় প্রস্তুতি সভায় এবারের বর্ষবরণের নানা আয়োজন নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন সুহৃদরা। সমন্বয় করেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার। 

আয়োজনে অংশ নেন পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, উবিনীগের ঈশ্বরদী আঞ্চলিক দপ্তরের প্রধান সমন্বয়ক আজমিরা খাতুন, গবেষণা সহযোগী ফারহানা আক্তার, গবেষক গোলাম মোস্তফা রনি, ‘মানাব’ সভাপতি মাসুম পারভেজ কল্লোল, ঈশ্বরদী ক্রিকেট একাডেমির পরিচালক মারুফ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক তাহেরুল ইসলাম, সুহৃদ তানহা ইসলাম শিমুল, ফিরোজ আহমেদ, সজিবুর রহমান, হাসান চৌধুরী, খায়রুল ইসলাম সবুজসহ সুহৃদ সদস্যরা।
আলোচনা ও সুহৃদ আড্ডা শেষে বৈশাখ বরণের প্রস্তুতিমূলক কর্মসূচি হিসেবে কৃষকের মাথাল, গৃহিণীর কুলা, বাউলশিল্পীর একতারা, গৃহিণীর ব্যবহার্য বেত-বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করে শোভাযাত্রার প্রাথমিক প্রস্তুতিও সারেন ঈশ্বরদীর সুহৃদরা। পরে মন্ডা মিঠাই ও জল খাবারের আয়োজনে অংশ নেন সুহৃদসহ  অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন

×