সাফল্য ব্যর্থতায় নারীর ২০২৫
বিজয়ী ফুটবলারদের হাতে একুশে পদক
প্রধান উপদেষ্টার কাছ থেকে একুশে পদক গ্রহণ করেন সাফজয়ী মেয়েরা
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৬ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ | ১৭:৩৬
| প্রিন্ট সংস্করণ
গত বছর সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক দেওয়া হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে দলের পক্ষে মর্যাদার এই পদক গ্রহণ করেন অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মারিয়া মান্দা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সর্বশেষ সাফজয়ী বাংলাদেশ নারী দলের অন্য ফুটবলাররাও।
শুরুতে পদকের জন্য নারী ফুটবল দলের ১১ জনকে আমন্ত্রণ জানিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়। কিন্তু কোন ১১ জনকে আমন্ত্রণ পাঠানো হবে—এ সিদ্ধান্ত নিতে গিয়ে বিপদে পড়ে যায় তারা। পরে ফেডারেশন দলের ৩২ সদস্যকে আমন্ত্রণ জানানোর জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ করে। শেষ পর্যন্ত বিষয়টি বিবেচনা করে ২৩ ফুটবলারের পাশাপাশি কোচ-কর্মকর্তাসহ আরও ৯ জনকে আমন্ত্রণ জানায় মন্ত্রণালয়।
গত বছরের অক্টোবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। যে দলে ছিলেন রুপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার, মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, নিলুফা ইয়াসমিন, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মোসাম্মাৎ সাগরিকা।
এর আগে কোনো ক্রীড়া দল একুশে পদক পায়নি। সংস্থা হিসেবে ২০০১ সালে স্বাধীনতা পদক পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে স্বাধীনতা পদকের জন্য স্বাধীন বাংলা ফুটবল দল অনেকবারই আবেদন করেছিল। তারা এখনও পুরস্কারের জন্য মনোনীত হয়নি।
- বিষয় :
- একুশে পদক
- নারী ফুটবল দল
