প্রতিযোগিতার আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন
ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে জিতে নিন পুরস্কার
আবেদন করতে হবে ২০ নভেম্বরের মধ্যে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ০৬:৪৬
| প্রিন্ট সংস্করণ
টেকসই শিল্পায়ন এবং মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারিশিল্প (এমএসএমই) উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ এবং নতুন উদ্যোক্তা তৈরি একান্তভাবে প্রয়োজন। সফল ও লাভজনকভাবে ব্যবসা পরিচালনা এবং নতুনভাবে এমএসএমই প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনিবার্য পূর্বশর্ত।
ব্যবসায় পরিকল্পনার মৌলিক কৌশল হিসেবে এমএসএমই উদ্যোক্তারা বাজার চাহিদা নিরূপণ, বিপণন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, জনবল ব্যবস্থাপনা, বিক্রয় লক্ষ্যমাত্রা নিরূপণ, কারখানার উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত উপকরণ ও সম্পদের যথাযথ ব্যবহার, ব্যবসার ঝুঁকি নির্ণয় এবং ঝুঁকি নিরসনে পদক্ষেপ গ্রহণ, সাশ্রয়ী মূল্যে পণ্য উৎপাদন, লাভ-ক্ষতির হিসাবসহ আর্থিক বিশ্লেষণ, উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ে পূর্ব হতেই সজাগ এবং সচেষ্ট হতে পারে। এ লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ‘ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতা’ আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায় তৃতীয় বারের মতো ‘জাতীয় এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন।
জাতীয় এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য হলো–বিদ্যমান এমএসএমই উদ্যোক্তাদের পাশাপাশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে অংশগ্রহণের উৎসাহিত করা । এর ফলে তারা ভবিষ্যতে নতুন নতুন এমএসএমই প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ ও উজ্জীবিত হবেন। এছাড়া সম্ভাবনাময় এমএসএমই উদ্যোক্তার মেধা ও দক্ষতা যাচাইয়ের সুযোগ সৃষ্টি করা, সম্ভাবনাময় ব্যবসা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিকল্পনা তৈরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান এ আয়োজনের উদ্দেশ্য।
শিল্প মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার ৫ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ৩ লাখ এবং তৃতীয় পুরস্কার ২ লাখ টাকা। আগামী ২০ নভেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে। এছাড়া বিজয়ীদের জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, মেন্টরশিপ, বিজনেস ইনকিউবেশন সেন্টারের সুবিধা এবং ঋণ সুবিধার জন্য এসএমই ফাউন্ডেশনের অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের সুবিধা দেওয়া হবে।
অংশগ্রহণের যোগ্যতা
এসএমই ব্যবসা পরিকল্পনা বলতে জাতীয় শিল্পনীতির সংজ্ঞা অনুযায়ী মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারিশিল্পের ব্যবসায় পরিকল্পনা বোঝাবে। এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। তাদের বাংলাদেশের নাগরিক হতে হবে। এমএসএমই পণ্য উৎপাদন অথবা সেবা খাতের প্রচলিত, অপ্রচলিত ও সৃজনশীল ব্যবসায়িক ধারণা থাকতে হবে। সম্ভাবনাময় ও বিদ্যমান এমএসএমই উদ্যোক্তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এককভাবে অথবা সর্বোচ্চ চারজনের গ্রুপ করে অংশগ্রহণ করা যাবে।
প্রতিযোগিতার নিয়ম
এসএমই ফাউন্ডেশন আয়োজিত এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত ছকে আগামী ২০ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে, যা এসএমই ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www. facebook.com/SME.Foundation.bd/) এবং ওয়েবসাইট (https://smef.gov.bd/)-এ পাওয়া যাবে। বাছাই ও নির্বাচন কমিটি আবেদন পর্যালোচনা এবং মূল্যায়ন করে প্রাথমিকভাবে সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে। প্রাথমিক তালিকায় নির্বাচিত উদ্যোক্তাদের এমএসএমই ব্যবসায় পরিকল্পনা তৈরির কৌশল এবং নিয়মাবলির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের তারিখ ও সময় পত্রের মাধ্যমে অংশগ্রহণকারীদের জানিয়ে দেওয়া হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ভাতা দেওয়া হবে না। প্রশিক্ষণে অংশগ্রহণের পর উদ্যোক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে (আনুমানিক ১ মাস) নিজ ব্যবসায় পরিকল্পনা এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে জমা দেবেন। ব্যবসায় পরিকল্পনায় অন্তর্ভুক্ত যাবতীয় তথ্য, উপাত্ত ও অনুসন্ধান অবশ্যই বাস্তবসম্মত, রেফারেন্সসমৃদ্ধ এবং গ্রহণযোগ্য হতে হবে। ব্যবসা পরিকল্পনা কোনো উৎস থেকে নকল করা যাবে না।
- বিষয় :
- এসএমই
