বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করবেন যেভাবে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০২
| প্রিন্ট সংস্করণ
হাতে থাকা মোবাইলই এখন ডিজিটাল ওয়ালেট। ডিজিটাল ওয়ালেটকে সুরক্ষিত রাখে পিন। ফলে সাবধানতার সঙ্গে পিন বা গোপন নম্বর নির্ধারণ করতে হয়। বিকাশও এর ব্যতিক্রম নয়। প্রতিদিনের আর্থিক লেনদেনে জীবনের অংশ হয়ে ওঠা বিকাশে নিজেই নিজের পিন রিসেট করা সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী।
বিকাশ কাস্টমার কেয়ারের পরিসংখ্যানে দেখা যায়, প্রতিদিন গড়ে এক লাখের বেশি গ্রাহক বিভিন্ন সাধারণ সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করেন; যার মধ্যে শীর্ষে রয়েছে পিন রিসেট। কোনো কারণে হঠাৎ বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে বা কয়েকবার ভুল পিন দেওয়ার কারণে অ্যাকাউন্ট লক হয়ে গেলে পিন পরিবর্তন অপরিহার্য হয়ে পড়ে। এমন সমস্যায় এখন গ্রাহক কোথাও না গিয়ে বিকাশ অ্যাপ থেকে, *২৪৭# ডায়াল করে অথবা ১৬২৪৭-এর সেলফ-সার্ভিস আইভিআর (ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স) এর সাহায্য নিয়ে নিজেই নিজের পিন রিসেট করে নিতে পারেন।
অ্যাপ ব্যবহারের মাধ্যমে
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিকাশ অ্যাপের মাধ্যমে পিন রিসেট করা সবচেয়ে সহজ ও নিরাপদ। অ্যাপের লগইন স্ক্রিন থেকে ‘পিন ভুলে গিয়েছেন? পিন রিসেট করুন’ অপশনে ট্যাপ করলে দুটি অপশন আসবে– ‘চেহারা স্ক্যান করুন’ ও ‘আভা এর সাথে চ্যাট করুন’। এখান থেকে গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী একটি অপশন বেছে নিয়ে কনফার্ম করলে নির্দিষ্ট বিকাশ নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপিটি বসিয়ে নম্বরটি যাচাই করে নিতে হবে।
পরবর্তী ধাপগুলো সফলভাবে সম্পন্ন করার পর গ্রাহকের বিকাশ নম্বরে একটি অস্থায়ী পিন এসএমএসের মাধ্যমে আসবে। অ্যাপে অস্থায়ী পিনটি প্রবেশ করিয়ে লগইন করার পর নিজের পছন্দমতো ৫ সংখ্যার একটি নতুন পিন নির্ধারণ করতে হবে। পুনরায় নতুন পিনটি লিখে নিশ্চিত করতে হবে। এরপর থেকে গ্রাহক নতুন পিন দিয়ে লগইন করতে পারবেন। মনে রাখুন, এলোমেলো ৫ সংখ্যার পিন সেট করতে হবে যা এসএমএসে পাওয়া অস্থায়ী পিনসহ সর্বশেষ ৩টি পিন হিসেবে ব্যবহার করা হয়নি এবং ‘০’ দিয়ে শুরু নয়।
*২৪৭# ডায়াল করে
*২৪৭# ডায়াল করে ১০ নম্বর অপশন সিলেক্ট করতে হবে। বিকাশে রেজিস্ট্রার করা এনআইডি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স নম্বর দিয়ে পরের ধাপে ৪ সংখ্যার জন্মসাল দিতে হবে। স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকের জন্মসনদ নম্বর ব্যবহার করতে হবে। এরপর গত ৩০ দিনের মধ্যে সর্বশেষ ১০টি আউটগোয়িং লেনদেন থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে এবং টাকার পরিমাণ (দশমিকের পূর্ব সংখ্যা পর্যন্ত) দিয়ে নিশ্চিত করলে বিকাশ থেকে একটি এসএমএসের মাধ্যমে অস্থায়ী পিন পাঠানো হবে। এখন নতুন পিন সেট করতে আবার *২৪৭# ডায়াল করে ‘অ্যাক্টিভ মেন্যু পিন’ সিলেক্ট করে অস্থায়ী পিন দিতে হবে। নতুন পিন সেট করে আরেকবার নতুন পিন দিয়ে কনফার্ম করলেই পিন রিসেট হয়ে যাবে।
১৬২৪৭ নম্বরে ডায়াল করে
১৬২৪৭ নম্বরে কল করে প্রথমে ভাষা নির্বাচন করতে হবে। এরপর পিন রিসেটের জন্য ১ প্রেস করে জাতীয় পরিচয়পত্রের ১০, ১৩ অথবা ১৭ সংখ্যার নম্বরটি টাইপ করে ‘#’ প্রেস করতে হবে। গত ৩০ দিনের আউটগোয়িং লেনদেনের যে কোনো একটির ধরন সিলেক্ট লেনদেনের টাকার পরিমাণটি টাইপ করে ‘#’ প্রেস করতে হবে। কিছুক্ষণের মধ্যে এসএমএসের মাধ্যমে একটি অস্থায়ী পিন রেজিস্টার্ড মোবাইল নম্বরে পৌঁছে যাবে, যা ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে গ্রাহকরা পছন্দের পিনটি সেট করে নিতে পারবেন।
যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি
গ্রাহক পরপর ৩ বার পিন রিসেট করার জন্য চেষ্টা করতে পারবেন। তৃতীয় চেষ্টা সফল বা ব্যর্থ হোক, পরের ২ ঘণ্টার জন্য অ্যাপের মাধ্যমে পিন রিসেটের চেষ্টা করা যাবে না। চেহারা স্ক্যান করার জন্য গ্রাহক ২ মিনিট সময় পাবেন। চেহারা স্ক্যান করার পর সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া সম্পন্ন হতে ৫ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তবে স্ক্যানিং প্রসেস চলাকালে আগের পেজে ফিরে এলে রিসেট প্রচেষ্টা ব্যর্থ হবে।
যেসব গ্রাহক জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কোনো আইডি (পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, তারা অ্যাপের ‘আভা’ অপশনের মাধ্যমে পিন রিসেট করতে পারবেন। চেহারা স্ক্যানিং প্রসেসের অঙ্গভঙ্গি শেখার জন্য গ্রাহক ৫ সেকেন্ড পাবেন। চেহারা স্ক্যানিং প্রসেস চলাকালে অ্যাপ বন্ধ বা ডিলিট হয়ে গেলে পিন রিসেট প্রচেষ্টা ব্যর্থ হবে এবং আবার নতুন করে শুরু করতে হবে। যাচাই প্রক্রিয়া চলাকালে অ্যাপ পুনরায় চালু করার পর গ্রাহককে তার ফোন নম্বর এবং ওটিপি দিতে হবে। সফল ওটিপি ভেরিফিকেশনের পর গ্রাহক পরবর্তী ধাপে যেতে পারবেন। যদি অস্থায়ী পিন বা নতুন পিন সেটিংয়ের সময় শেষ হয়ে যায়, তাহলে অ্যাপ বা *২৪৭# থেকে পিন রিসেট করা যাবে না। তবে আইভিআর সেলফ-সার্ভিস ১৬২৪৭-এ কল করে পিন রিসেট করা যাবে।
- বিষয় :
- বিকাশ